বুগতি হত্যা মামলা থেকে খালাস মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রভাবশালী উপজাতীয় নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। গতকাল সোমবার সে দেশের এক আদালত ২০০৬ সালে সংঘটিত ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলা থেকে তাঁকে খালাস দেন। খবর এএফপির।
বিদেশে স্বেচ্ছানির্বাসিত জীবন কাটিয়ে পাকিস্তানে ফেরার পর মোশাররফের বিরুদ্ধে যে তিনটি ফৌজদারি মামলা হয় এটি সেগুলোর অন্যতম। পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শেরপাও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগর কোয়েটায় সংবাদকর্মীদের বলেন, ‘মামলাটিতে পারভেজ মোশাররফসহ সব আসামির বিরুদ্ধে ওঠা অভিযোগই নাকচ করে দিয়েছেন আদালত।’ আফতাব নিজেও এই মামলার একজন আসামি ছিলেন।
এ বিষয়ে বুগতি পরিবারের আইনজীবী সুয়াহেল রাজপুত বলেন, ‘এই রায় অবিচারমূলক এবং একটি তামাশা।’