বেনজিরের প্রতি শ্রদ্ধা বিলাওয়ালের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ১৩তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার এক বার্তায় বিলাওয়াল বলেন, একজন কন্যা, বোন, স্ত্রী, মা হিসেবে বেনজির ভুট্টোর ভূমিকা ইসলামি বিশ্বে অনুসরণীয়।
বিলাওয়াল আরও বলেন, বেনজির ভুট্টো আমাদের মাঝে বেঁচে নেই। তবে তাঁর শক্তিতেই গণতান্ত্রিক দলগুলো এক হয়ে রয়েছে। বেনজির দলের নেতা ও সদস্যদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবেন।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজিরকে হত্যার পর পিপিপির চেয়ারম্যান হন বিলাওয়াল। বেনজিরের স্মরণে তিনি বলেন, পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পেতে ও দেশটির জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে বেনজির ভূমিকা রেখেছেন।
বেনজির নারী কৃষকদের অধিকার রক্ষায় কাজ করেছেন। তিনি ফার্স্ট উইমেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। নারীদের জন্য পুলিশ স্টেশন তৈরি করেছেন।
পাকিস্তানের জনগণের স্বাধীনতা রক্ষায় বেনজির ভূমিকা রেখেছেন বলে জানান বিলাওয়াল। তিনি দরিদ্র নাগরিক, তরুণ, শিশু ও নারীদের জন্য কাজ করেছেন।
বিলাওয়াল দলের কর্মীদের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান।