বেনজিরের হত্যাকারী জারদারি: মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে কে কে জড়িত তা নিয়ে একেক সময় একেক কথা শোনা গেছে। এবার শোনা গেল বেনজিরের স্বামী দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হত্যাকাণ্ডে জড়িত। এমনটাই দাবি করেছেন বেনজির ভুট্টোকে হত্যাকাণ্ডের সময়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা পারভেজ মোশাররফ।
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ এও দাবি করেন, ‘আসিফ আলী জারদারি ভুট্টো পরিবারের দুজনের মৃত্যুর জন্য দায়ী। বেনজির ও মুর্তজা ভুট্টোর হত্যাকারী ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পারভেজ মোশাররফ তার অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব দাবি করেছেন বলে বৃহস্পতিবার ডন অনলাইনের খবরে বলা হয়েছে। নিজের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) ফেসবুক পেজেও পারভেজ মোশাররফ একই কথা বলেন।
বেনজির ভুট্টো হত্যা মামলা সম্পর্কে ভুট্টো পরিবারের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন পারভেজ মোশাররফ। ওই বার্তায় মোশাররফ বলেন, ‘আমি বিশেষত বিলাওয়াল ভুট্টো, আসিফ জারদারি, বোখতার, ভুট্টো পরিবার, সিন্ধের জনগন এবং পাকিস্তানি জনগণকে বার্তা দিতে চাই যে, আসলে বেনজির ভুট্টোর হত্যাকারী কে? আমার মতে ভুট্টো পরিবারের ধ্বংসের জন্য এবং বেনজির ভুট্টো ও মুর্তজা ভুট্টোকে হত্যার জন্য দায়ী আসিফ আলী জারদারি। এটি ছিল হত্যাকাণ্ড। প্রথমে বিষয়টি দেখা দরকার যে, এ মৃত্যু থেকে কে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এ ক্ষেত্রে, আমি ক্ষমতায় ছিলাম কিন্তু এ কারণে সবকিছু হারালাম। এ হত্যাকাণ্ড আমার সরকারকে কঠিন পরিস্থিতির মধ্য ফেলে দিয়েছিল।
২০০৭ সালে প্রেসিডেন্ট থাকার সময় জঙ্গি দমনে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান চালানো মোশাররফ বলেন, ‘জারদারি পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। কেন তিনি এ (বেনজির হত্যা) মামলার তদন্ত করলেন না? কেন তদন্ত কার্যক্রম সক্রিয় ছিল না? কারণ তিনি বেনজিরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’ তিনি বলেন, ‘বেনজিরকে তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদ ও তার লোকজন হত্যা করেছে, এতে কোনোই সন্দেহ নেই। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে, কে বাইতুল্লাহ মেহসুদকে ব্যবহার করেছে? সেই ব্যক্তি আমি হতে পারি না। কারণ মেহসুদরা আমাকে অত্যন্ত ঘৃণা করেন।’
সাবেক প্রেসিডেন্ট মোশাররফ বলেন, ‘এটা স্পষ্ট সত্য যে আমি মেহসুদের মৃত্যু চেয়েছিলাম। তাই তার দল আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আসিফ জারদারির সঙ্গে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সুসম্পর্ক ছিল। বেনজির ভুট্টো হত্যায় আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারাও জড়িত। তিনি মেহসুদ ও তার জনগণকে প্রভাবিত করার জন্য ব্যবহার হতে পারেন।’
কয়েকটি মামলায় গ্রেপ্তারের পর মুক্তি পাওয়া পারভেজ মোশাররফ বলেন, ‘বেনজিরের নিরাপত্তা না দেওয়ার জন্য আমাকে দায়ী করা হয়। কিন্তু এ ক্ষেত্রে আমি দায়ী ছিলাম না। কিন্তু দেখার বিষয় হলো, সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে যখন বেনজির ভুট্টো নিজে বুলেটপ্রুফ এবং বোম প্রুফ গাড়িতে আরোহণ করলেন। এ সময় কেউ তাকে ফোন করে বলল যে, আপনি বুলেটপ্রুফ গাড়ি থেকে বের হন। এই ফোনকারী ব্যক্তিটি কে ছিল? তখন এই ব্যক্তিকে ধরা কঠিন ছিল। কারণ তিনি ফোন বন্ধ রেখেছিলেন।’
পারভেজের অভিযোগ, হত্যার দুই বছর পর বেনজির ভুট্টোর নিরাপত্তার দায়িত্বে থাকা খালেদ শাহানশাহকে (যিনি বেনজির হত্যার সময় তার গাড়িতেই ছিলেন) খুব গোপনভাবে করাচিতে হত্যা করা হয়। এমনকি তার হত্যাকারীকেও হত্যা করা হয়। এদের হত্যাকারী কারা ছিল? বেনজির ভুট্টোকে হত্যার সময় তার বুলেটপ্রুফ গাড়িতে যারা ছিল, তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয়নি। অথচ তারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এগুলো অত্যন্ত সন্দেহজনক ষড়যন্ত্র ছিল। তিনি দাবি করেন, এগুলো তদন্ত করে দেখলে বেরিয়ে আসবে যে, প্রকৃত ষড়যন্ত্রকারী ছিলেন জারদারি।
ওই ভিডিও বার্তায় পারভেজ মোশাররফ আরও বলেন, কিছুদিন পূর্বে রাওয়ালপিন্ডির আদালত মামলার ফয়সালা দিয়েছেন। তখন আমি চুপ ছিলাম এবং সব পাকিস্তানির দুশ্চিন্তা ছিল। দুজন পুলিশ কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে অথচ প্রকৃত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে।
জারদারি প্রেসিডেন্ট হওয়ার পর মুর্তজা ভুট্টো হত্যা মামলায়ও ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। যেহেতু তিনি নিজেই হত্যাকাণ্ডে জড়িত, তাই এমনটা করেছেন বলে দাবি পারভেজ মোশাররফের।
বেনজির ভুট্টো হত্যা মামলায় পুলিশের দুই সাবেক সদস্যকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। রায়ে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে ‘পলাতক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সাক্ষ্য-প্রমাণের অভাবে অন্য পাঁচজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
৩১ আগস্টে ঘোষণা করা এ রায় প্রত্যাখ্যান করেছেন বেনজিরের ছেলে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। এই রায় ‘অসন্তুষ্টির ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে টুইট বার্তায় বিলাওয়াল বলেন, সন্ত্রাসীদের ছেড়ে শুধু অন্যায্যই নয়, বিপজ্জনকও। এই রায়ের বিরুদ্ধে পিপিপি আপিল করবে।
বেনজিরের মেয়ে আসিফা টুইট বার্তায় বলেন, অপরাধের জন্য পারভেজ মোশাররফের শাস্তি না হওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার হবে না।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে গুলি ও বোমা হামলা চালিয়ে বেনজিরকে হত্যা করা হয়। ওই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ।
যে দুজনকে ১৭ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাউদ আজিজ ও খুররম শাহজাদ। বেনজির হত্যাকাণ্ডের সময় সাউদ আজিজ রাওয়ালপিন্ডির পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন। আর রাওয়াল টাউনের এসপির দায়িত্বে ছিলেন খুররম শাহজাদ। দায়িত্বে অবহেলার দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়েছে।
তৎকালীন পারভেজ মোশাররফের সরকার এ হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করেছিল। তবে বায়তুল্লাহ মেহসুদ এ অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন।