বেলুচিস্তানে ছয় বছরে বিচারবহির্ভূত হত্যার শিকার হাজার মানুষ!
পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে গত ছয় বছরে প্রায় এক হাজার রাজনৈতিক কর্মী ও সন্দেহভাজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীর মরদেহ পাওয়া যায়। দেশটির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় থেকে বিবিসি উর্দু এ তথ্য পেয়েছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, এটি বড় আকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকেই নির্দেশ করে। নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনেরা বলেছেন, ওই ব্যক্তিদের বেশির ভাগকেই নিরাপত্তা সংস্থার লোকজন তুলে নিয়ে যান। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
২০০৭ সালে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দানা বেঁধে ওঠার পর বেলুচিস্তানে কয়েক হাজার লোক নিখোঁজ হয়। প্রদেশের সম্পদের ভাগের একটি বড় অংশ আদায়ের জন্য সংগ্রামরত আদিবাসী বালুচ সম্প্রদায়ের বিদ্রোহ দমনে ২০০৫ সালে সেনা নেতৃত্বাধীন অভিযান শুরু করা হয়।
পাকিস্তানের মানবাধিকারবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত বেলুচিস্তানে ৯৩৬টি মৃতদেহ পাওয়া যায়। বেশির ভাগ মৃতদেহই পাওয়া যায় কোয়েটা, কালাট, খুজদার ও মাকরান অঞ্চলে। আর ওই অঞ্চলগুলোই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কেন্দ্রস্থল।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রাজনৈতিক কর্মী জলিল রেকি হত্যাকাণ্ড। তিনি কোয়েটার পার্শ্ববর্তী সারইয়াবে বাস করতেন। ২০০৯ সালে জলিলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুই বছর পর কোয়েটা থেকে ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণে ইরান সীমান্তের কাছে মান্দ এলাকায় তাঁর মৃতদেহ পাওয়া যায়।
জলিলের মা বিবিসিকে বলেন, ‘তিনটি গাড়িতে করে তাঁরা আমাদের বাড়িতে আসে। এই গাড়িগুলো ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার। তারা জলিলকে ধরে নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের কথা শোনেনি। আমাদের এক আত্মীয় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেয়নি। দুই বছর পর মান্দ এলাকায় কিছু লোক তাঁর মৃতদেহের সন্ধান পায়। জলিলের মাথায় একটি ও বুকে তিনটি গুলি করা হয়। তাঁর হাতের হাড় ভাঙা ছিল এবং শরীরের পেছনের অংশ সিগারেটের আগুনে পোড়ানো হয়েছিল।’
আত্মীয়স্বজনদের ধারণা, নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা মানবাধিকার মন্ত্রণালয় থেকে দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কাজ করা সংগঠন দ্য ভয়েস ফর বালুচ মিসিং পারসনস (ভিবিএমপি) জানিয়েছে, তাদের রেকর্ডে আস্তাকুঁড়ে পাওয়া মৃতদেহের সংখ্যা ১ হাজার ২০০। তা ছাড়া এ ধরনের ঘটনা আরও অনেক রয়েছে, যেগুলো তাদের পক্ষে নথিভুক্ত করা সম্ভব হয়নি।
ভিবিএমপির প্রধান নাসরুল্লাহ বালুচ বিবিসিকে বলেন, বেশির ভাগ মৃতদেহই ‘রাজনৈতিক কর্মীদের, যাঁরা গুম হয়েছিলেন—কর্তৃপক্ষ তাঁদের তুলে নিয়েছিল এবং পরে তাঁরা নিখোঁজ হন।’
নাসরুল্লাহ বালুচের এ অভিযোগের সঙ্গে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) ২০১৩ সালের প্রতিবেদনের মিল রয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ‘মানুষের বলপূর্বক অন্তর্ধান, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ চলমান ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।’
তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার এসব ঘটনায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এখানে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিদ্রোহীরা নিহত হয়। পরবর্তী সময়ে তাঁদের লাশ পাওয়া যায়। এ ছাড়া জঙ্গি সংগঠনগুলোর নিজেদের মধ্যকার সংঘর্ষেও অনেকে নিহত হয়। এসব সংগঠন তাদের মৃত যোদ্ধাদের কবর দেয় না। এ ছাড়া সেখানে উপজাতীয় শত্রুতা, সংগঠিত অপরাধী ও মাদকের মাফিয়া চক্র রয়েছে।’
বেলুচিস্তানে মাঝেমধ্যেই নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ও বালুচ জাতীয়তাবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে থাকে। অনেকেই বিদেশে বা পাকিস্তানের মধ্যেই নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। তাঁদের একজন নাভিদ বালুচকে ১৯ ডিসেম্বর বার্লিনে ট্রাক হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জার্মানির পুলিশ। শাস্তি এড়াতে মান্দ অঞ্চলের গ্রাম থেকে গত ফেব্রুয়ারিতে পালিয়ে যান নাভিদ।
বেলুচিস্তান থেকে গত বছর জাতীয়তাবাদী দলের এক কর্মীকে গ্রেপ্তার ও নির্যাতন করে সরকারি বাহিনী। তাঁর ভাই ওয়াহিদ বালুচ বিবিসি উর্দুকে বলেন, সম্প্রতি তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী।