বেলুচিস্তানে ১৯ পশতুন বাসযাত্রীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ১৯ জন বাসযাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় বেলুচিস্তানের পিশিন থেকে করাচিগামী দুটি বাস থেকে ওই যাত্রীদের অপহরণ করা হয়েছিল। খবর বিবিসি ও ডনের।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটার দক্ষিণের শহর মাসতাংয়ে ওই হত্যাযজ্ঞ ঘটে। এ হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে। বাস থেকে অপহরণ করা যাত্রীদের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি বলেছেন, বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল।
ঘটনার পর এলাকায় অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত পাঁচজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত বাসযাত্রীদের মধ্যে প্রায় সবাই জাতিগত পশতুন সম্প্রদায়ের। তারা উত্তর বেলুচিস্তানের বাসিন্দা। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের হামলার লক্ষ্য বেশির ভাগ ক্ষেত্রেই হয় সামরিক বাহিনীর সদস্যরা। পশতুনদের ওপর হামলা এই প্রথম।
সরকারি সূত্রগুলো বলছে, নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদ দমাতে সাম্প্রতিক সময়ে ‘বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করে হত্যার’ নীতি গ্রহণ করেছে। এর প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই এবারের হামলা চালানো হলো।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা স্বায়ত্তশাসন এবং স্থানীয় সম্পদের ন্যায্য হিস্যার দাবিতে লড়াই করছে।