ভয় আর হতাশায় কাশ্মীরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামটির নাম নহরা। গত সপ্তাহে প্রায় প্রতিদিনই গোলা পড়েছে পাকিস্তানশাসিত কাশ্মীরের এই গ্রামে। গ্রামটির অবস্থান ভারতীয় সেনাবাহিনীর চৌকি থেকে মাত্র ৪০০ মিটার দূরে।
ভারত-পাকিস্তান সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর একটি নহরা। মর্টারের হামলা থেকে বাঁচতে সুরক্ষিত কোনো বাংকার নেই। তাই সংঘাত শুরু হলে কাদামাটি বা ইটের বাড়িগুলোর ভেতরে মাথা গুঁজে প্রাণ বাঁচানোর বৃথা চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
গত সপ্তাহে ভারতীয় গোলার আঘাতে কীভাবে নিজের বাড়িটি গুঁড়িয়ে যায়, তা বর্ণনা করছিলেন গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজর (৫৩)—‘কেবলই সন্তানদের বিছানায় শুইয়ে দিয়েছি। ঘুমাতেও ভয় পাচ্ছিল তারা। হঠাৎ করেই শুরু হলো গোলাগুলি। ভারতীয় বাহিনীর ছোড়া গোলা গুঁড়িয়ে দিল আমার বাড়িটি। সন্তানেরা ভয়ে চিৎকার দিয়ে উঠল। আমি দুই বাহুতে তাদের আগলে ধরে দেয়াল যেটুকু খাড়া ছিল, তার আড়ালে লুকালাম। গোলাগুলি বন্ধ হলো ভোরের দিকে। তখন পুরো পরিবার নিয়ে প্রতিবেশীর বাড়িতে উঠলাম। সেখানেই এখনো বাস করছি। আর কোথাও তো যাওয়ার জায়গা নেই।’
বরাবরই ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বলি ১৯৪৭ সালে দুই দেশের মধ্যে ভাগ হয়ে যাওয়া কাশ্মীরের বাসিন্দারা। বিশেষ করে নহরার মতো যেসব গ্রাম কথিত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি অবস্থিত, তাদের যেন নরকবাস। সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নের পথে হাঁটায় আশায় বুক বাঁধছিলেন দুই কাশ্মীরের বাসিন্দারা। তবে চলতি সপ্তাহে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়ে যাওয়ায় ভয় আর হতাশা—দুটোই জেঁকে বসেছে তাঁদের মনে।
নহরা গ্রামের অবস্থান নাকিয়াল সেক্টরের মধ্যে। সবুজ-শ্যামলে ঢাকা এই উপত্যকায় মোট গ্রাম রয়েছে ছয়টি। উপত্যকার দুই ধারের উঁচু এলাকাগুলো ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দখলে। তাদের মাঝখানে পড়ে নাকানি-চুবানি খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, সাম্প্রতিক সংঘাতে ১০০টি পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মাঠকে মাঠ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলগুলো বন্ধ সপ্তাহের পর সপ্তাহ। দোকানপাট বন্ধই থাকছে বেশির ভাগ সময়।
নাকিয়াল থেকে নির্বাচিত পাকিস্তানি কাশ্মীর পার্লামেন্টের সদস্য জাভেদ বুধানভির অভিযোগ, ভারতীয় বাহিনীর ছোড়া গোলার কারণে ১০টি গ্রামের ১৫ হাজার বাসিন্দা প্রভাবিত হয়েছে। তিনি বলেন, ‘শিশুরা ভীতসন্ত্রস্ত। তারা স্কুলে যেতে পারছে না। খেলতেও বাইরে বেরোতে পারছে না। এমনকি রাতে বাড়িতেও ঘুমাতে পারছে না।’
ভারতের দাবি, পাকিস্তানিরাই আগে গুলি ছুড়ছে। তারা এর জবাব দিচ্ছে মাত্র। ভারতশাসিত কাশ্মীরের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘কোনোরকম উসকানি ছাড়াই পাকিস্তানিরা মর্টার ও বন্দুকের গুলি ছুড়ছে। সীমান্তে আমাদের গ্রামগুলোর বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, গত মাসে রাশিয়ায় একটি সম্মেলনের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠকের পর থেকে এ পর্যন্ত পাকিস্তান ‘৯১টি অস্ত্রবিরতি লঙ্ঘন’-এর ঘটনায় দায়ী। সূত্র: এএফপি।