ভারত একতরফাভাবে সিন্ধু নদের পানিচুক্তি (আইডব্লিউটি) বাতিল বা পরিবর্তন করতে পারে না বলে আবার সতর্ক করে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া গত বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আইডব্লিউটির কোনো সময় বাঁধা নেই এবং ঘটনার ওপরও তা কোনোভাবে নির্ভরশীল নয়। ভারত ও পাকিস্তান দুই দেশই চুক্তিটি মানতে বাধ্য এবং এ থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ কারও নেই।
চুক্তি অনুযায়ী নয়াদিল্লির যে বাধ্যবাধকতা এবং অঙ্গীকার রয়েছে সেগুলোর লঙ্ঘন হয়েছে দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন নাফিস জাকারিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু পানি কমিশনের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশের পর পাকিস্তান এমন বক্তব্য দিল। ভারতীয় সংবাদমাধ্যম কাশ্মীরে সেনাবাহিনীর কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ জাল ভিডিও তৈরি করছে—পাকিস্তানে প্রচারিত এমন খবর নিয়ে এক প্রশ্নের জবাবে জাকারিয়া বলেন, এ বিষয়ে ভারতের ‘ভিত্তিহীন দাবি’ পাকিস্তান ইতিমধ্যে নাকচ করে দিয়েছে। তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ সম্পর্কে ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট অনেক দাবি নিয়ে ভারতের ভেতরেই প্রশ্ন উঠেছে। ভারত ও পাকিস্তানবিষয়ক জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপও ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি।
পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে ভারত-সমর্থিত একটি আবেদন হোয়াইট হাউসের প্রত্যাখ্যান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাফিস জাকারিয়া বলেন, ‘আমরা বুঝতে পারছি যে ব্যক্তিগত উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ছিল একটা বিদ্বেষপূর্ণ পদক্ষেপ। ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের কয়েকজন সদস্যই এটা করেছেন। এতে মার্কিন প্রশাসন বা কংগ্রেসের নীতিমালার প্রতিফলন কোনোভাবেই ঘটেনি। স্পষ্টত হোয়াইট হাউস এই আবেদনের নেপথ্য কারণটা বুঝতে পেরেছে এবং তা প্রত্যাখ্যান করেছে।’