
সব ইস্যুতে সংলাপে বসতে প্রতিবেশী ভারতের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, এ দুই দেশ শত্রু হয়ে থাকতে পারে না।
পাকিস্তানে গত বুধবার চীনের সঙ্গে অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার প্রকল্প ‘চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি)’-এর পশ্চিমের রুট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নওয়াজ।
নওয়াজ শরিফ এ সময় বলেন, পাকিস্তান ও ভারতকে পারস্পরিক অমীমাংসিত সব বিষয় বন্ধুত্বপূর্ণ আপসের মনোভাব নিয়ে ও বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করতে হবে। তিনি জানান, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জানজুয়া ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে প্রতিবেশী দেশ দুটির স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ও মতবিরোধ নিয়ে আলোচনার লক্ষ্যে বৈঠক করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামাবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাম্প্রতিক সফরকালে সব ইস্যুতে দুই দেশ আবার সংলাপ শুরু করবে বলে সিদ্ধান্ত হয়েছে। ‘অমীমাংসিত বিষয়ের সমাধানে পাকিস্তান ও ভারতকে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে’ মন্তব্য করে নওয়াজ বলেন, বিশ্বের যেকোনো স্থানেই মতবিরোধ ও দ্বন্দ্বের সমাধান হয়েছে আলোচনার মাধ্যমে। এ প্রসঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধ নিরসনে ইরানের সঙ্গে চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করে নওয়াজ বলেন, ‘প্রজ্ঞা ও সহিষ্ণুতা দ্বন্দ্বের সমাধানে সহায়তা করে।’ সম্প্রতি আকস্মিক সফরে লাহোর গিয়ে তাঁর সঙ্গে কিছু সময় কাটানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান নওয়াজ।