ইনশা আল্লাহ পাকিস্তান জিতবে : ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ইমরান খান
ছবি: টু্‌ইটার

আজ রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে কোটি ক্রিকেটভক্ত। ‘হাইভোল্টেজ’ ম্যাচ নিয়ে নানাজন নানান কথা বলছেন। এবার বললেন ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খান। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। এ ম্যাচে পাকিস্তানের পক্ষেই বাজি ধরলেন ইমরান খান। গতকাল শনিবার তিনি বলেন, ইনশা আল্লাহ কাল (রোববার) ভারতকে হারাবে পাকিস্তান। খবর পাকিস্তানের জিও টিভি অনলাইনের।

জিও টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ‘হাইভোল্টেজ’ এই ম্যাচের আগে আরও একবার ভারতের বিপক্ষে অবস্থান নিলেন। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে। নিজের একজন উপদেষ্টার সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতকে হারানোর ব্যাপারে এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার বরাত দিয়ে করা জিও টিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান খান পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলকে নিয়ে বলেন, ‘এই দলের ভারতকে হারানোর মতো যোগ্যতা রয়েছে। ইনশা আল্লাহ পাকিস্তান আগামীকাল (আজ রোববার) ভারতকে হারাবে।’

ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ক্রিকেটভক্ত
ছবি: রয়টার্স

এদিকে ম্যাচের এক দিন আগে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও ভারতকে হুমকি দিয়ে রেখেছেন। গতকাল তিনি বলেন, ‘আগামীকাল যখন ভারতের বিপক্ষে মাঠে নামব, তখন আমাদের একাদশ পাকিস্তানের অতীত পারফরমেন্স নিয়ে ভাববে না।’ দলের খেলোয়াড়দের কাছে অতীত অপ্রাসঙ্গিক বলে দাবি করেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ১২ বার দেখা হয়েছে দুই দলের। ওয়ানডে বিশ্বকাপে ৭ বার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বার দেখা হলেও পাকিস্তানের ভাগ্যে জয় আসেনি কখনো। এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্যে নামতে হচ্ছে পাকিস্তানকে। তার অনুপ্রেরণা এল খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে।