ভারত 'হুল ফোটানোর মতো কথা' বলছে : পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে জঙ্গি হামলায় ১৮ সেনা হত্যার পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির অভিযোগের কঠোর জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, ভারত ‘হুল ফোটানোর মতো কথাবার্তা’ বলছে।

পাকিস্তান অভিযোগ করেছে, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি থেকে মনোযোগ সরাতে ভারত এ ধরনের ‘স্থূল প্রচেষ্টা’ চালাচ্ছে।

গতকাল রোববারের ওই হামলার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দেন। কাশ্মীরের ওই সেনানিবাসে জঙ্গি হামলায় ওই দিন ১৭ সেনা প্রাণ হারান। আহত অবস্থায় আরেক সেনা আজ মারা যান। কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা চলছে বেশ কিছুদিন ধরেই। পরিস্থিতি মোকাবিলায় সেখানে কারফিউ দিয়েছে নয়াদিল্লির কর্তৃপক্ষ। কাশ্মীরে গত দুই মাসে অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছে।

কাশ্মীরে সেনাবাহিনীর ওপর রোববারের হামলাটি ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং সরকারের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

ভারত ও পাকিস্তান দুই দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের মালিকানা দাবি করে।