ভারতীয় তদন্তকারীদের পাকিস্তানে যেতে দেবে না ইসলামাবাদ
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত আজ বৃহস্পতিবার এক বিবৃতি জানিয়েছেন, পাঠানকোট হামলার ঘটনায় ভারতের তদন্তকারীদের তথ্য-প্রমাণ সংগ্রহে পাকিস্তানে যাওয়ার বিষয়টি ইসলামাবাদ মেনে নেবে না। পাকিস্তানের তদন্তকারী দল পাঠানকোটে হামলার ঘটনাস্থল পরিদর্শনের কয়েক দিন যেতে না যেতেই বাসিত এই কথা জানালেন। খবর এনডিটিভি অনলাইনের।
আবদুল বাসিত বলেন, পাকিস্তানের তদন্ত দলের পাঠানকোট যাওয়ার মানে এই নয় যে ভারতের তদন্ত দলকে পাকিস্তানে যেতে দিতে হবে।
এদিকে পাকিস্তানের হাইকমিশনারের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ ছাড়া এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের বোঝাপড়ার বিষয়টি শুরু থেকেই বেশ পরিষ্কার। পাঠানকোট হামলার তদন্তে পাকিস্তান থেকে যেমন কর্মকর্তারা ভারতে তদন্তে এসেছেন, তেমনি ভারতের তদন্ত কর্মকর্তারাও পাকিস্তানে যাওয়ার কথা ছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাসিতের মন্তব্য ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান সরকারের অবস্থানের পরিপন্থী। এ ব্যাপারে উভয় পক্ষই পররাষ্ট্রসচিব পর্যায়ে মধ্যে কথাবার্তা চালিয়ে যেতে কাজ করে যাবে।
গত ১ জানুয়ারি ভারতের পাঠানকোটের বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ৮০ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। ওই ঘটনায় ভারতীয় বাহিনীর সাতজন নিহত হন। সংঘর্ষে নিহত হয় চার সন্ত্রাসী।