ভারতে হামলার হুমকি জামাতুল আহরারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ওয়াগা সীমান্তে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করা জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান জামাতুল আহারার (টিটিপি-জেএ) ভারতে হামলার হুমকি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশে নতুন এই জঙ্গিগোষ্ঠী বলেছে, পাকিস্তানের পর ভারতে হামলার প্রস্তুতি চলছে। খবর ডন ও হিন্দুস্তান টাইমস।
গত রোববার ওয়াগা সীমান্তে ওই আত্মঘাতী হামলায় অন্তত ৬০ পাকিস্তানি নিহত হন। টিটিপি-জেএর মুখপাত্র এহসানউল্লাহ এহসান বার্তা সংস্থা রয়টার্সকে অজ্ঞাত স্থান থেকে বলেন, ‘আমাদের আত্মঘাতী হামলাকারীরা যদি সীমান্তের এ পাশে (পাকিস্তান) হামলা চালাতে পারে, তবে তারা সহজে ভারতের সীমান্তেও হামলা চালাতে পারে।’
মূলধারার তালেবানদের থেকে পৃথক হয়ে টিটিপি-জেএর জন্ম হয় গত সেপ্টেম্বরে। ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রতি এই নতুন তালেবান সংগঠনটির সমর্থন আছে।
পেন্টাগনের সমালোচনা: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পাকিস্তানের সমালোচনা করে বলেছে, ভারতের বিরুদ্ধে ‘ছদ্মযুদ্ধে’ জঙ্গিগোষ্ঠীগুলোকে ব্যবহার করছে পাকিস্তান। কংগ্রেসে উত্থাপিত একটি প্রতিবেদনে এই সমালোচনা করা হয়েছে।