ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, কাশ্মীরে বিতর্কিত সীমান্ত এলাকায় গতকাল বুধবার তারা গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত ভারতের একটি ড্রোনকে (চালকবিহীন বিমান) গুলি করে ভূপাতিত করেছে। খবর এএফপির।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কাশ্মীরের ভিম্বার এলাকার কাছে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত ভারতে একটি ড্রোনকে পাকিস্তানের সেনারা গুলি করে ভূপাতিত করেছে। ওই ড্রোনটি আকাশ থেকে ছবি তোলার কাজে ব্যবহৃত হয়।’ ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে তারা। তবে পাকিস্তানের এ দাবির ব্যাপারে ভারতের সেনাবাহিনীর বক্তব্য জানা সম্ভব হয়নি।
হিমালয় অঞ্চলে অবস্থিত ভিম্বার এলাকাটি পাকিস্তান ও ভারত উভয়ই তাদের বলে দাবি করে। ওই এলাকাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে।
প্রতিরক্ষা প্রযুক্তিশিল্পের বিশেষজ্ঞরা বলছেন, ছোট ও নিরস্ত্র মডেলের এই ড্রোন আকাশ থেকে ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। এই ড্রোনে কোনো গোপন সামরিক প্রযুক্তি নেই।
বিশ্বের প্রতিরক্ষা প্রযুক্তি পর্যালোচনা করা প্রতিষ্ঠান আইএইচএসের সাময়িকী জেইনস ইন্টারন্যাশনাল ডিফেনস রিভিউ-এর আনম্যান্ড সিস্টেমস এডিটর হিউ উইলিয়ামস বলেন, এটা চীনের তৈরি ডিজেআই ফ্যান্টম-৩ মডেলের ড্রোন। স্বল্পপাল্লার এই ড্রোনটি যদি ভারতের সেনাবাহিনী ব্যবহার করে থাকে, তবে সম্ভবত শত্রুপক্ষের তথ্যানুসন্ধান বা নিরাপত্তার কাজে তারা এটি ব্যবহার করেছে। কেননা, এটি চলার পরিসীমা মাত্র দুই কিলোমিটার।