
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন। দেশটির একজন কর্মকর্তা বলেন, ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। খবর আইএএনএসের।
নওয়াজের একজন ঘনিষ্ঠ সহযোগী গত শুক্রবার দ্য নেশন পত্রিকাকে বলেন, এমন সব কথা বলতে হবে যা দুই দেশের আলোচনাকে উৎসাহিত করতে পারে। প্রধানমন্ত্রী শান্তির পক্ষে কথা বলার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভারতের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার ব্যাপারে আশাবাদী। আর তা সম্ভব হলে গোটা অঞ্চলের জন্যই ইতিবাচক হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, নয়াদিল্লি কেবল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আলোচনা করতে চায়—ভারত থেকে প্রচারিত এ রকম কিছু বক্তব্যে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী নওয়াজ। তবে তিনি মনে করেন, ভারতের নীতি এ রকম নয়। আর তিনি নিজে দ্বিপক্ষীয় আলোচনায় কাশ্মীর, সন্ত্রাসবাদ ও বাণিজ্যকে প্রাধান্য দিতে চান।
পাকিস্তানের আরেক কর্মকর্তা বলেন, তাঁর দেশের সামরিক নেতৃত্বও একই মনোভাব নিয়ে ভারতের সঙ্গে শান্তি স্থাপন করতে চায়। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার বা সেনাবাহিনী—কেউই আপস করতে রাজি নয়।
সম্প্রতি প্যারিসে নওয়াজের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়েছে। এ সময়ই শান্তি আলোচনার প্রসঙ্গটি গুরুত্ব পায়। এরপর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ব্যাংককে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফরও করেছেন।