ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তির জন্য হুমকি: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের বিরুদ্ধে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের ওপর নির্যাতন থেকে বিশ্বের দৃষ্টি ফেরাতেই দেশটি এটি করছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরদিন গতকাল মঙ্গলবার পরিস্থিতি পর্যালোচনা করতে অনুষ্ঠিত এক বৈঠকে নওয়াজ এ কথা বলেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াজ শরিফ। তিনি বলেন, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর উত্তেজনা বৃদ্ধি করার বিষয়টি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানকে এ ধরনের কৌশলে ভয় দেখিয়ে কাবু করা যাবে না, কারণ তারা ‘যুদ্ধংদেহী মনোভাব থেকে দেশকে রক্ষায় পুরোপুরি সক্ষম।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ বিষয়টি বিবেচনায় নিতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন।