ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে মহড়ায় পাকিস্তান

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে প্রথমবারের মতো পাকিস্তানে পৌঁছেছে রাশিয়ার সামরিক বাহিনীর একটি দল। কাল শনিবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই সামরিক মহড়া চলবে।
পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাছাউনিতে গত রোববার সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হয়। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ তোলে ভারত। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে কাল থেকে পাকিস্তান-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে।
উরিতে হামলার পর বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে অভিযোগ তোলা হয়, পাকিস্তানে যৌথ যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করতেই রাশিয়াকে ডাকা হয়েছে। তবে সোমবার রাশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ যৌথ যুদ্ধ পরিকল্পনার জন্য সামরিক মহড়ার কথা অস্বীকার করেন।
মস্কো থেকে কাজী খলিলুল্লাহ এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, নির্ধারিত নিয়মেই পাকিস্তান-রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। দুই দেশের পুরোনো ঠান্ডা যুদ্ধকে পাশ কাটিয়ে প্রথমবারের মতো সামরিক মহড়াকে ‘মৈত্রী-২০১৬’ বলে অভিহিত করেন তিনি।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষের প্রায় ২০০ সেনাসদস্য এই যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন। মস্কোতে পাকিস্তানের রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ বলেন, এই মহড়া স্পষ্টত প্রতিরক্ষা ও সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে উভয় পক্ষের সদিচ্ছার ইঙ্গিত বহন করে।
ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির পশ্চিম নৌ কমান্ড। শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। সন্দেহভাজন কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে দেখা যাওয়ার খবরে গতকাল বৃহস্পতিবার অ্যালার্ট জারি ও তল্লাশি অভিযান চালানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উরি হামলার যোগ্য জবাব নিয়ে গতকাল প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক স্তরে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত দৃশ্যত নিজেকে সব রকমভাবে প্রস্তুত রাখছে।
অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমের খবর, সে দেশে যুদ্ধবিমানের মহড়া, যুদ্ধবিমান ওঠা–নামার উপযোগী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ করা আর উত্তরাঞ্চলের আকাশে উড্ডয়ন নিষিদ্ধের ঘটনা ভারতের সম্ভাব্য হামলা নিয়ে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে।