ভারতের হামলার আশঙ্কা করছে পাকিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, ভারতের সেনাবাহিনী ক্রমেই পাকিস্তানের সীমান্তের কাছাকাছি এলাকায় সরে আসছে। ভারত যেকোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন একটি আশঙ্কাও তৈরি হয়েছে সেখানে।

পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে বেশ সতর্কাবস্থা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান থেকে বিবিসির একজন সংবাদদাতা। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে আলাপ করেছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’এর একজন মুখপাত্র জানিয়েছেন, গতকাল বুধবার সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রল এলাকায় বিমান পথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিবিসির সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে এমন আশঙ্কাতেই এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার প্রধান মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য তা করা হয়েছে। কিন্তু এই মহাসড়ক যুদ্ধবিমানের ওঠানামায় ব্যবহার করা সম্ভব।

ভারতশাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা ঘাঁটিতে রোববার রাতে একদল বন্দুকধারীর হামলায় ১৭ জন সেনা নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। ওই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক।

ভারত কীভাবে এর জবাব দেবে তা ঠিক করার জন্য দিল্লিতে জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছিল, পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহম্মদই এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরের সঙ্গেই অস্বীকার করেছে পাকিস্তান। বিষয়টিকে কেন্দ্র করে দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

কাশ্মীর উপত্যকা গতকাল কার্ফিউয়ের কারণে ৭৪তম দিনের মতো অচল ছিল। সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে আরও ৬৪ জন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।