ভারত ও পাকিস্তানের মধ্যে ‘ছায়াযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিদায় দেশ দুটিকে এমন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি। খবর এএফপির।
ক্ষমতায় থাকার সময় পারভেজ মোশাররফ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। জঙ্গিগোষ্ঠী তালেবান তাঁকে হত্যার হুমকি দিয়েছে। তা ছাড়া, তাঁর মাথার ওপর ঝুলছে নিজের প্রায় এক দশকের শাসনের সময়কার নানা ঘটনার মামলার খড়্গ।
সাক্ষাৎকারে মোশাররফ সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া আশরাফ গনির প্রশংসা করেন। পাকিস্তানের সঙ্গে চাপে পড়া সম্পর্ক ঠিকঠাক করতে গত সপ্তাহে ইসলামাবাদ সফর করেন গনি।
মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির নিরাপত্তা প্রশ্নে পাকিস্তানের সহযোগিতাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়ে থাকে। তবে সাবেক সেনাশাসক মোশাররফ বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোই সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য বিপজ্জনক দিক হচ্ছে, আফগানিস্তানের ওপর ভারতীয় প্রভাব। এটা পুরো অঞ্চলের জন্য যেমন বিপদ, পাকিস্তানের জন্যও তাই। কারণ, সেখানে ভারতের যুক্ততার বিষয়টির একটা গভীর পাকিস্তানবিরোধী দিক রয়েছে। তারা (ভারত) পাকিস্তানবিরোধী আফগানিস্তান গড়ে তুলতে চায়।’
মোশাররফ আরও বলেন, ‘ভারতীয়রা আফগানিস্তানের জাতিগত বিষয়গুলোকে ব্যবহার করতে চাইলে পাকিস্তান ওই জাতিগত বিষয়গুলোর প্রতি নিজের সমর্থনকে ব্যবহার করবে। আর আমাদের জাতিগত সমর্থনের বিষয়টি নিশ্চয় পশতুনদের ঘিরে। সুতরাং আমরা আফগানিস্তানে একটি ছায়াযুদ্ধ শুরু করতে যাচ্ছি।’