ভালোবাসা দিবস পালনে 'না'

ভালোবাসা দিবস পালন না করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন। আজ রোববার বার্তা সংস্থা পিটিআই এক খবরে এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদে এক অনুষ্ঠানে মামনুন বলেন, ‘আমাদের (পাকিস্তান) সংস্কৃতির সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের উচিত এই দিবস পালন পরিহার করা।’
সরদার আবদুর রব নিশতার নামের এক নেতার মৃত্যুবার্ষিকীর ওই অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। তাদের অধিকাংশই ছিল ছাত্রী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমা ঐতিহ্যের অন্ধ অনুসরণ তাঁদের মূল্যবোধের অধঃপতন ঘটাবে। এ ছাড়া প্রতিবেশী দেশের মতো তাঁদের দেশেও নারীর প্রতি সহিংসতা বাড়ানোসহ নানা সমস্যার জন্ম দেবে।
মহান নেতাদের দর্শন অবলম্বন করার মাধ্যমে পাকিস্তান অগ্রগতি অর্জন করতে পারে বলে উল্লেখ করেন মামনুন।
পাকিস্তানের প্রেসিডেন্টের ওই আহ্বানের আগে পেশোয়ার ও কোহাট জেলার স্থানীয় নির্বাচিত কাউন্সিল ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ করে।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সম্প্রতি পাকিস্তানে দিবসটি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই দিবস পালনের বিরুদ্ধে দেশটির কট্টর ইসলামপন্থীরা হুঁশিয়ারি দিয়ে আসছেন।