পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। দলের নেতা ইমরান খানের ভাষণ শেষ হওয়ার পর হুড়োহুড়ি করে বেরোনোর সময় এ দুর্ঘটনা ঘটে। পিটিআইয়ের সমাবেশটি হচ্ছিল মুলতানের কাশিমবাগ স্টেডিয়ামে। পুলিশের প্রাথমিক তদন্ত শেষে একে নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ভাষণে গত বছরের নির্বাচনে কথিত ভোট জালিয়াতির জন্য আবারও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দোষারোপ করেন পিটিআই নেতা ইমরান। ভোট জালিয়াতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর বিরুদ্ধে আয়োজিত ওই সমাবেশে হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। গত আগস্টে ইমরান খান ও সুফি নেতা তাহির উল কাদরি রাজধানী ইসলামাবাদে বড় ধরনের সরকারবিরোধী অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দেন। বিবিসি ও ডন