ভুট্টোর ওপর কড়া নজর ছিল সেনাবাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনলাইনে প্রকাশ করা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গোপন নথিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, সামরিক বাহিনী ও পরমাণু কর্মসূচি বিষয়ে কিছু মূল্যায়ন রয়েছে। সত্তরের দশকের পাকিস্তান-সম্পর্কিত বেশ কিছু তথ্য আছে এতে।
১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি তৈরি করা সিআইএর একটি মূল্যায়নে তৎকালীন প্রেসিডেন্ট (পরে প্রধানমন্ত্রী) ভুট্টো সামরিক বাহিনীর কাছ থেকে কী ধরনের হুমকির মুখোমুখি হচ্ছিলেন, তা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সপ্তাহে ভুট্টো জনসমর্থন অর্জন করতে ‘দক্ষতার সঙ্গে’ উদ্যোগ নিয়েছেন। তবে ইতিমধ্যে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে অসন্তোষ ও সামাজিক ক্ষোভের চাপ টের পেতে শুরু করেছিলেন তিনি।
ওই নোটে বলা হয়েছে, ‘বেসামরিক মানুষের দাবির সঙ্গে যুক্ত হচ্ছিল আরও বেশি অর্থসম্পদের জন্য সামরিক বাহিনীর চাপ। ভুট্টো এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেন, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল সেনাবাহিনী। পাকিস্তানে সেনাবাহিনী এখনো সবচেয়ে শক্তিশালী সংগঠিত কর্তৃত্ব। ভুট্টো হোঁচট খেলে তারা আবার ক্ষমতা দখল করতে প্ররোচিত হতে পারে।’ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সামরিক আইন বজায় রাখার ব্যাপারে ভুট্টোর সিদ্ধান্ত ছিল তাঁর সরকারের ‘সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি’।
সিআইএর প্রতিবেদনে পাকিস্তানের জটিল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে উঠে এসেছে দেশটির ওই সময়ের ‘প্রতিকূল অর্থনৈতিক অবস্থার’ কথাও। বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) বাজার হারানো এবং নতুন বৈদেশিক সাহায্য না পাওয়ার কারণে পাকিস্তানের অর্থনীতিতে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। দেশটিতে উৎপাদন কমে যাওয়া, শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের মতো সমস্যা দেখা দিচ্ছিল।
সিআইএর কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, দেশটির পরমাণু কর্মসূচির সার্বিক অবস্থা, ভুট্টোর মৃত্যু ও জিয়াউল হকের ভূমিকা—এসব নিয়েও মূল্যায়ন করেছেন।
সম্প্রতি সিআইএ তাদের রিডিং রুম নামের ওয়েবসাইটে এক কোটির বেশি গোপন নথিপত্র প্রকাশ করেছে।