ভোট দিয়ে যা বললেন ইমরান খান

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইসলামাবাদ-২ আসনে নিজের নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন ইমরান খান। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। বলেন, ‘পিটিআইয়ের জন্য আমি আপনাদের কাছে ভোট চাই না। শুধু বলব, আপনারা আপনাদের ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট দিয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করুন।’
এই নির্বাচনকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করেন ইমরান খান। একই সঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, ‘আমাদের উচিত দেশের সেবা করা ও ভোটাধিকার প্রয়োগ করা। আমার আনুগত্য দেশের প্রতি, সম্পদের প্রতি নয়।’ তিনি আরও বলেন, বাইরের শক্তি পাকিস্তানকে দুর্বল করতে চায়।
এদিকে নির্বাচন কেন্দ্রের বাইরে গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করায় ইমরান খান নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।
জাতীয় পরিষদের (এনএ) পাঁচটি আসন থেকে নির্বাচন করছেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদ ২ নম্বর আসন, সিন্ধু প্রদেশের পূর্ব করাচি-২, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর-৯, খাইবার পাখতুন খাওয়া প্রদেশের বান্নু ও পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি-১ আসন থেকে লড়ছেন তিনি। ইসলামাবাদ-২ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।