মদদ দেওয়া চার জনের ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারের স্কুলে গত বছর নির্বিচারে গুলি চালিয়ে দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার পেশোয়ারের কোহাট এলাকার একটি জেলখানায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় সামরিক আদালতে দণ্ড পাওয়া আরও তিনজনের ফাঁসি কার্যকরের অপেক্ষায় আছে। সেনাপ্রধান রাহিল শরিফের অনুমোদন পেলেই তাদের ফাঁসি কার্যকর করা হবে। গতকাল যাদের ফাঁসি দেওয়া হয়েছে, তারা হলো মৌলভি আবদুস সালাম, হজরত আলী, মুজিবুর রহমান ও সাবিল। সামরিক আদালতের রায় অনুযায়ী, দোষী ব্যক্তিদের সবাই তালেবানের সঙ্গে যুক্ত স্বল্প পরিচিত জঙ্গি সংগঠন তৌহিদুল জিহাদের সদস্য।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে পাকিস্তানি তালেবান জঙ্গিরা ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১২৫ জন শিশু শিক্ষার্থীসহ মোট ১৫১ জনকে হত্যা করে। হামলাকারীদের সবাই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়। ওই ঘটনায় আটক ব্যক্তিদের সামরিক আদালতে বিচার হয়। এ বছরের ১৩ আগস্ট সাতজনকে দোষী সাব্যস্ত করা।
গতকাল চার জঙ্গিকে ফাঁসি দেওয়ার পর হামলার শিকার হওয়া ব্যক্তিদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন।
এএফপি জানায়, হামলায় আহত ১৭ বছর বয়সী ওয়াহিদ আনজুম গতকাল বলেছে, কারাগারে চার দেয়ালের ভেতরে ফাঁসি না দিয়ে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল।