মাদ্রাসায় অর্থায়ন খতিয়ে দেখার চিন্তা পাকিস্তানের
দেশের মাদ্রাসাগুলোতে আসা তহবিল খতিয়ে দেখার চিন্তা করছে পাকিস্তান সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনার জন্য গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। খবর ডনের।
সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে ওই সভায় মাদ্রাসায় বিদেশি অর্থায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য কার্যকর কৌশল গড়ে তোলার নানা উপায় নিয়ে আলোচনা করা হয়।
এতে বলা হয়, পাকিস্তানের সম্প্রতি ঘোষিত সন্ত্রাসবাদবিরোধী জাতীয় কর্মপরিকল্পনা ও এর উদ্দেশ্য সম্পর্কে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ যেমন সৌদি আরব, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে আস্থায় আনতে হবে। এটা প্রয়োজনীয়, কারণ পাকিস্তানের সরকারি সংস্থাগুলোর মতে, ওই দেশগুলোই মাদ্রাসাগুলোর মূল অর্থায়নকারী। তহবিলের উৎস পরীক্ষার জন্য সরকারি সংস্থার তত্ত্বাবধানে মাদ্রাসায় বার্ষিক নিরীক্ষা বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয় সভায়।