
গত মঙ্গলবার থেকে কাঁদছে পাকিস্তান। মাত্র কয়দিনেই চোখের জলে আমরা অনেক নদী ভাসিয়েছি। নির্মম ধ্বংসযজ্ঞ চালানোর পরদিনই আরও হামলার ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে স্কুলের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক ছাড়াও ১৩২ শিশুকে মেরে ফেলেছে সাত জঙ্গি। তালেবান সগৌরবে এ সাতজনের ছবি প্রকাশ করেছে। টিটিপি দম্ভোক্তি করেছে, ‘পাকিস্তানের নাস্তিক সেনারা আমাদের শিশুদের হত্যা করেছে। সাত ইসলামি সেনা এই হত্যার প্রতিশোধ নিয়েছে।’
তবে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়ে টিটিপির দেওয়া এই বক্তব্য মেনে নিতে তৈরি নয় পাকিস্তানের জনগণ। যারা পাকিস্তানের জন্য দুর্নাম এনেছে, ইসলামের জন্যও দুর্নাম কুড়িয়েছে; জনগণ চায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কচিকাঁচা ওই শিক্ষার্থীদের আত্মত্যাগ পাকিস্তানের ইতিহাসে এক নতুন মোড় এনে দিয়েছে। জাতীয় এই ট্র্যাজেডি আর কিছু না হলেও সরকার ও বিরোধীদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে বাধ্য করেছে।
হামলার পরের দিন ১৭ ডিসেম্বর পেশোয়ারে এক সর্বদলীয় সম্মেলন আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ডান, বাম ও মধ্যপন্থী প্রধান সব রাজনৈতিক দলই এতে যোগ দেয়। পিপিপি ও এএনপির মতো উদারপন্থী দলগুলো সম্মেলনে নওয়াজ শরিফের পাশে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানকে বসতে দেখে যারপরনাই বিস্মিত হয়েছে। তালেবানের প্রতি নমনীয় অবস্থানের কারণে ইমরান খানকে ‘তালেবান খান’ নামেই ডেকে থাকে এই দলগুলো। কয়েক মাস আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতাসীন পিটিআই সরকার ঘোষণা দিয়েছিল, পেশোয়ারে তালেবানকে একটি রাজনৈতিক অফিস খুলে দেওয়ার। কিন্তু ১৬ ডিসেম্বর মঙ্গলবারের কালো দিন, পিটিআই ও এর সহযোগী জামায়াতে ইসলামীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ইচ্ছুক অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলাতে বাধ্য করেছে।
পেশোয়ার বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উপস্থিত নেতাদের জানিয়েছেন, তাঁর সরকার ভালো ও খারাপ তালেবানের মধ্যে পার্থক্য মুছে ফেলবে এবং সব সন্ত্রাসীকে নির্মূলের বিষয়টি নিশ্চিত করবে। দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানকে প্রধান করে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী। এ কমিটিকে সন্ত্রাসবাদ নির্মূলে মাত্র এক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। তৃতীয়ত, এ বৈঠকে সন্ত্রাসী কার্যকলাপ-সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।
পেশোয়ারে সর্বদলীয় এই বৈঠককে পাকিস্তানজুড়েই জানানো হয়েছে স্বাগত। তবে নওয়াজ শরিফ কি এই সন্ত্রাসীদের রুখতে পারবেন?—এখন এটাই প্রশ্ন। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দাবি করেছেন, তাঁর বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে ভালো ও খারাপ—সব তালেবানের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে শুরু করেছে। কিন্তু নওয়াজ শরিফ কি তাঁর সেনাপ্রধানকে ওই সব জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন, যারা তালেবান নাম ধারণ না করেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে সক্রিয় রয়েছে?
হামলার পর গত বুধবার আফগানিস্তানের কাবুল ছুটে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ। সেখানে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে কিছু প্রমাণ হাজির করেছেন তিনি। প্রমাণপত্রে দাবি করা হয়, পেশোয়ার হামলার যিনি মূল পরিকল্পনাকারী, তিনি এটি পরিচালনা করেছেন আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে।
কিছু উর্দু ভাষার পত্রিকার খবরে দাবি করা হচ্ছে, হামলার মূল পরিকল্পনাকারী মোল্লা ফজলুল্লাহ। তিনি টাকাপয়সা পাচ্ছিলেন আফগান ও ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে। কিন্তু বস্তুনিষ্ঠ গণমাধ্যম জানতে চায়, বিশ্বাসযোগ্য প্রমাণ। আমি মনে করি, গত মঙ্গলবার পুরো বিশ্ববাসীর কাছ থেকে পাকিস্তান যে সহানুভূতি অর্জন করেছে, এই মুহূর্তে ভিত্তিহীন দোষারোপের খেলা তাকেই শুধু নষ্ট করবে। পাকিস্তানে এ ব্যাপারে একটি সাধারণ ঐকমত্য আছে যে, সাবেক স্বৈরশাসক জিয়াউল হক গৃহীত অতীত নীতিকে মাটিচাপা দেওয়া দরকার। তিনি ইসলামের নাম করে ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছিলেন। ইমরান খান ন্যূনতম এমন কোনো পদক্ষেপ কি সমর্থন করবেন, যেখানে ইসলাম আর পাকিস্তানের নামে দেশের বিভিন্ন স্থানে তৎপর ব্যক্তিগত মিলিশিয়াগুলোকে নিরস্ত্র করা হবে?
ইমরান খান ১৭ ডিসেম্বর সন্ধ্যায় একটা ভালো কাজ করেছেন। ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের সামনে ১২৬ দিন আগে শুরু করা তাঁর প্রতিবাদী অবস্থান বাতিল করেছেন। ২০১৩ সালে নওয়াজ সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে এই অবস্থান শুরু করেন তিনি। তবে পেশোয়ার বৈঠকে নওয়াজকে তিনি আশ্বস্ত করেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে যেকোনো জাতীয় কর্মপরিকল্পনা সমর্থন করবে তাঁর দল।
পেশোয়ারের বিয়োগান্ত ঘটনাটিই এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এক জাতীয় শক্তিতে রূপ নিচ্ছে। গোটা বিশ্ব এখন পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের আপামর জনগণ বিস্ময়াভিভূত, ভারত ও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা পর্যন্ত, সারা বিশ্বের মানুষ তাঁদের সঙ্গে সংহতি জানাচ্ছে। এটা শুধু পাকিস্তানের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্যই ভালোমন্দের বাছবিচার না করে মানবতার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ও তাদের প্রতিহত করার এক সুবর্ণ সুযোগ।
পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নেতাদের বারবার এক টেবিলে বসার এবং সন্ত্রাস প্রতিহত করার ক্ষেত্রে একটি যৌথ কৌশল নিরূপণে এটাই মোক্ষম সময়। আসুন, একে অপরের সঙ্গে আমরা আমাদের নোংরা দ্বিমুখী খেলা বন্ধ করি। সন্ত্রাসীর হাতে প্রাণ দেওয়া ওই সব নিরীহ মানুষের স্মরণে আমরা নিজেদের মধ্যে একটা সুন্দর প্রতিযোগিতা শুরু করি।