মালালাকে হামলা করা ১০ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মালালা। ২০১২ সালের ৯ অক্টোবরের ফাইল ছবি l এএফপি
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মালালা। ২০১২ সালের ৯ অক্টোবরের ফাইল ছবি l এএফপি

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের অদম্য কর্মী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত। ২০১২ সালে তাদের হাতে গুলিবিদ্ধ হয়ে মালালা মরতে বসেছিল। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট আইনজীবী ও আদালতের কর্মকর্তারা এ সাজার খবর নিশ্চিত করেছেন। খবর এএফপি, রয়টার্স ও ডন অনলাইনের।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মিঙ্গোরার সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মোহাম্মদ আমিন কুনদি গতকাল ১০ জনের যাবজ্জীবন সাজার রায় দেন। ওই আদালতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, মালালার ওপর হামলাকারী ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ১০ আসামি হলো জাফর ইকবাল, বিলাল, শওকত, সালমান, ইসরারুল্লাহ, জাফর আলী, ইরফান, ইজহার, আদনান ও ইকরাম। এদের মধ্যে জাফর ইকবালকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে। তবে হামলার ঘটনার পর পর পুলিশের প্রতিবেদনে আতাউল্লাহ খান নামের এক জঙ্গিকে শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছিল। দণ্ডপ্রাপ্ত ১০ জনের মধ্যে ২৩ বছর বয়সী ওই আতাউল্লাহ নেই। আতাউল্লাহ আফগানিস্তানে পালিয়ে গেছে বলে ধারণা করা হয়।
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াতের বাসিন্দা কিশোরী মালালা নারী শিক্ষার পক্ষে প্রচার চালানোয় তার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান জঙ্গিরা। ২০১২ সালের অক্টোবরে স্কুলের গাড়িতে বাড়ি ফেরার পথে তালেবানের হামলার শিকার হয় সে। তার মাথায় গুলি করেছিল জঙ্গিরা। তখন মালালার বয়স মাত্র ১৪ বছর। প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যে চিকিৎসার পর বেঁচে যায় সে। চিকিৎসায় সুস্থ হয়ে যুক্তরাজ্যেই বাস করছে মালালা।
২০১৪ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানের মাধ্যমে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। অক্টোবরে সন্ত্রাসবিরোধী আদালতে তাদের বিচার শুরু হয়। প্রায় সাত মাসের বিচারপ্রক্রিয়া শেষে ১০ জনকেই দোষী সাব্যস্ত করে রায় দিলেন সন্ত্রাসবিরোধী আদালত। পাকিস্তানের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজায় ১০ জনের প্রত্যেককেই ২৫ বছর করে কারা ভোগ করতে হবে।
হামলার শিকার হওয়ার পর অকুতোভয় কিশোরী মালালা বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। চরম প্রতিকূলতা উপেক্ষা করে নারী শিক্ষায় প্রচারণার জন্য একের পর এক পুরস্কার পেয়েছে সে। ২০১৩ সালে মালালা জাতিসংঘে ভাষণ দেয়। গত বছর ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারেও ভূষিত হয় সে।