মালালার ওপর আক্রমণকারী ৮ জন 'গোপনে খালাস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর আক্রমণকারী হিসেবে গ্রেপ্তার ১০ জনের আট জনকেই নির্দোষ হিসেবে খালাস দেওয়া হয়েছে। অথচ গত ৩০ এপ্রিল পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি আদালত এই ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে বিবিসিতে এক সংবাদে বলা হয়েছে। তবে আজ শুক্রবার বিবিসির অন্য একটি সূত্র নিশ্চিত করেছে মাত্র দুজনকেই অভিযুক্ত করা হয়েছে।
লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের একজন মুখপাত্র মুনির আহমেদ বলেন, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আটজনকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছিল তারও সমালোচনা করেন তিনি। পাকিস্তানের সোয়াতের পুলিশ প্রধান সালিম মারওয়াতও মাত্র দুজনকে অভিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর আগে সোয়াতেরই একজন সরকারি কৌঁসুলি সাঈদ নাইম একটি সংবাদ সংস্থাকে জানিয়েছিল, প্রত্যেক জঙ্গিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানে ২৫ বছর যাবজ্জীবন কারাদণ্ড।
বিবিসির সংবাদে বলা হয়, ১০ জনের সংবাদ প্রকাশের পর লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর অভিযুক্তদের অবস্থান সম্পর্কে খোঁজ করা শুরু করলে আটজনের মুক্তির বিষয়টি প্রকাশ পায়। এই আটজন কোথায় আছে তা কেউ বলতেও পারেনি। তবে এপ্রিলে ১০ জনকে অভিযুক্ত করে রায় প্রকাশের সংবাদ প্রচারিত হওয়ার পর অনেকেই অবাক হয়েছিলেন। কারণ বিচারকার্য সম্পর্কে কারও কোনো ধারণাই ছিল না। সেই ১০ জনকে কোথায়, কীভাবে এবং কখন গ্রেপ্তার করা হয়, তাঁরা আক্রমণের সঙ্গে কীভাবে জড়িত বা তাঁদের বিরুদ্ধে অভিযোগ কী এই সব ব্যাপারেও কর্তৃপক্ষ সে সময় কিছুই জানায়নি।

এই বিচারকার্যকে ঘিরে যে গোপনীয়তা রক্ষা করা হয়েছে তা তাই এখন সন্দেহের সৃষ্টি করেছে। বলা হচ্ছে, বন্ধ দরজার পেছনেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। বিচারকার্য আদালতের পরিবর্তে গোপনীয়তার মধ্যে সেনাবাহিনীর তদারকিতে সম্পন্ন হয়েছে বলে পাকিস্তানি এক নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়। সাধারণত, পাকিস্তানে সন্ত্রাস বিরোধী বিচারকার্যগুলো জনগণের সামনে প্রকাশ করা হয় না। তবে কয়েক দিন ধরে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে যে ভুল প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছিল সে বিষয়টিও তারা ঠিক করে দেয়নি।