মালালার ওপর হামলাকারীরা গ্রেপ্তার
পাকিস্তানের শিশু শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে যারা গুলি করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিম বাজওয়ার বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়।
আজ সংবাদ সম্মেলন করে আজ শুক্রবার আসিম বাজওয়া বলেন, ‘যারা মালালা ইউসুফজাইকে আক্রমণ করে হত্যা করতে চেয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা টিটিপির প্রধান মোল্লা ফজলুল্লাহর পরামর্শে কাজ করে।’
তবে, কখন ও কোত্থেকে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিস্তারিত কিছু জানাননি আসিম বাজওয়া।
উল্লেখ্য, পাকিস্তানে শিক্ষা নিয়ে কাজ করার সময় ২০১২ সালের অক্টোবরে মালালাকে বহনকারী গাড়ি পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াত উপত্যকা দিয়ে যাচ্ছিল। এ সময় তালেবান সদস্যরা ওই গাড়িতে আক্রমণ চালিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার মাথায় গুলি লেগেছিল। এরপর লন্ডনের চিকিৎসার পর সুস্থ হয় মালালা। এ সময় তার দুই বন্ধুও আহত হয়।
লন্ডনে চিকিৎসার পর সুস্থ হয়েই সারা বিশ্বে পরিচিতি পায় মালালা। বর্তমানে লন্ডনেই বাস করছে মালালা।
মালালা ইউসুফজাই বিশ্বে পাকিস্তানের শিশুদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করছে। ২০১৩ সালে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পাওয়া মালালা বিশ্বের প্রভাবশালী নেত্রী হিসেবে টাইম ম্যাগাজিনেও স্থান পেয়েছিলেন।