মাসুদ 'নিরাপত্তা হেফাজতে': পাঞ্জাবের আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ আজহার
মাসুদ আজহার

জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ‘নিরাপত্তা হেফাজতে’ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ। পাকিস্তানের ডন নিউজের টক শো ‘নিউজ আই’কে আজ শুক্রবার তিনি এ কথা বলেন।
এই খবরের পর মাসুদ আজহারকে আটকের ব্যাপারে ধোঁয়াশা কেটে গেল বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তর থেকে মাসুদ আজহারকে আটকের খবর জানানো হয়। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়, মাসুদের বিষয়ে পাকিস্তান ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করে। আজ দেশটির একটি প্রদেশের আইনমন্ত্রী মাসুদ আজহারকে আটকের কথা জানালেন।

রানা সানাউল্লাহ বলেন, মাসুদ আজহারকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতের পাঠানকোট হামলায় জড়িত থাকার সন্দেহাতীত প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের অভিযোগ, গত বছরের ডিসেম্বরে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, সেটি জইশ-ই-মুহাম্মদের কাজ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু প্রমাণপত্রও পাকিস্তানের কাছে হস্তান্তর করে ভারত। দেশটি বলেছে, সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তান দৃশ্যমান ব্যবস্থা নিলেই দিল্লি ও ইসলামাবাদের শান্তি আলোচনা হতে পারে। আজ শুক্রবার ইসলামাবাদে দুই পক্ষের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু সে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে, তারা শান্তি আলোচনার স্বার্থে ঘটনা তদন্তে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করবে।

এরই ধারাবাহিকতায় জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়ার কথা বলা হলো।
১৯৯৪ সালে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ভারতের নিরাপত্তা কর্মীরা মাসুদ আজহারকে গ্রেপ্তার করে। তবে ১৯৯৯ সালে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে মাসুদ আজহারের অনুসারীরা ভারতের একটি বিমানের যাত্রীদের জিম্মি করে। পরে ওই জিম্মিদের মুক্তির বিনিময়ে ভারত মাসুদ আজহারকে ছেড়ে দেয়।