মুক্তি পাবেন না লাদেনকে ধরতে সহায়তাকারী চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তাকারী বলে সন্দেহভাজন পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়া হবে না। এমনকি তাঁকে যুক্তরাষ্ট্রের হাতেও তুলে দেওয়া হবে না। পাকিস্তানের আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী। আজ বুধবার দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের আস্তানায় এক গোপন অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের কাছে ‘নায়ক’ বলে বিবেচিত শাকিল আফ্রিদিকে ওই অভিযানের পরই গ্রেপ্তার করা হয়।
পাকিস্তান শাকিলের বিরুদ্ধে ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনার অভিযোগ আনে। পাকিস্তানের অভিযোগ, লাদেনের পরিচয় নিশ্চিত করতে সিআইএকে সহযোগিতা করার জন্য তিনি ওই কর্মসূচির মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করেন। অভিযানের পরপরই আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। যদিও এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

পাকিস্তানের পত্রিকা ডেইলি টাইমসের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের উচ্চকক্ষে আফ্রিদির সম্ভাব্য মুক্তির বিষয়ে আইনপ্রণেতাদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আইন তার কাজ করছে এবং আফ্রিদির নিরপেক্ষ বিচারের পূর্ণ সুযোগ রয়েছে। আফ্রিদি আইন ও আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন এবং পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে বারবার বলেছে, আমাদের আইনে তিনি অপরাধ করেছেন।’

জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্য হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১২ সালে আফ্রিদিকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে ওই আদেশ উল্টে যায়। তবে এরপর আট বছর আগে এক রোগীর মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।