মুমতাজ কাদরির দাফনকে ঘিরে কড়া নিরাপত্তা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে ফাঁসি হওয়া উগ্রপন্থী মুমতাজ কাদরির দাফনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তাঁর জানাজায় অংশ নেয় বেশ কয়েক হাজার মানুষ। খবর রয়টার্সের।
মুমতাজ কাদরি পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নর সালমান তাসিরের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। ২০১১ সালের ৪ জানুয়ারি রাজধানী ইসলামাবাদে তাসিরকে গুলি করে হত্যা করেন মুমতাজ। তাসির পাকিস্তানের বিতর্কিত ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইন বাতিলের পক্ষে কথা বলায় এ হত্যাকাণ্ডের শিকার হন। বিচারের পর গত সোমবার কাদরির ফাঁসি কার্যকর করা হয়।
তাসিরকে হত্যার কারণে কাদরিকে ‘নায়ক’ হিসেবে মনে করে তাঁর সমর্থকেরা। গতকাল কাদরির দাফন উপলক্ষে কড়া নিরাপত্তার অংশ হিসেবে রাওয়ালপিন্ডি শহরের লিয়াকত বাগ পার্ক এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কাদরির অন্তত ৫০ হাজার সমর্থক হেঁটেই সেখানে পৌঁছে যায়। তারা কফিনে ফুল ছিটিয়ে দেয়।
ব্লাসফেমি আইন নিয়ে পাকিস্তানের কট্টরপন্থী ধর্মীয় নেতা ও উদারপন্থীদের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে। প্রতিবছর দেশটিতে এই আইনের আওতায় শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তবে এর আগে এ জন্য কারও ফাঁসি কার্যকর করা হয়নি। এ আইনকে উদারপন্থী বা সাধারণ নিরীহ মানুষকে হয়রানি করতে ব্যবহার করার অভিযোগ রয়েছে। পাকিস্তানে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ধর্ম অবমাননার অভিযোগ তুলে অন্তত ৬৫ জনকে হত্যা করা হয়েছে।