মৃত্যুদণ্ডের তারিখ নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের তারিখ ১৭ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। ওই ব্যক্তি হলেন সাবেক পুলিশ কর্মকর্তা খিজার হায়াত (৫৫)। তাঁর আইনজীবী জানিয়েছেন, সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত তাঁর মক্কেলের বিরুদ্ধে এক বিচারক মৃত্যু পরোয়ানা জারি করেছেন। মানসিকভাবে অসুস্থ আরেক কারাবন্দীর মৃত্যুদণ্ড দেশটির শীর্ষ আদালত থামিয়ে দেওয়ার কয়েক মাস পরই ঘটল এ ঘটনা। উল্লেখ্য, এক সহকর্মীকে খুনের দায়ে ২০০৩ সালে খিজার হায়াতের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৮ সালে সরকারি চিকিৎসকেরা তাঁর রোগ নির্ণয় করেন। তখন তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে একটি স্থগিতাদেশ দেওয়া হয়। জাতিসংঘও হায়াতের ‘মনোসামাজিক বৈকল্য’ রয়েছে বলে উল্লেখ করে মানসিক অসুস্থ বন্দীদের সুরক্ষার বিষয়ে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল। আর মানসিক অসুস্থতার আলোকে হায়াতের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের সেপ্টেম্বরে চ্যালেঞ্জ করেন তাঁর আইনজীবী।