মেডিকেলে পড়ে অতঃপর গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে শিক্ষার্থীদের তুলনায় বেশ সাফল্য দেখাচ্ছেন মেয়েরা। দেশটির মেডিকেল শিক্ষার্থীদের ৭০ শতাংশের বেশিই মেয়ে। অথচ ভর্তি হয়েও পড়া শেষ করছেন না তাঁরা। আর যাঁরা শেষ করছেন, তাঁদের অনেকেই যাচ্ছেন না পেশাগত জীবনে।
এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, বিয়ের সময় ডাক্তার পাত্রীর কদর বেশি হলেও বিয়ের পর অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন পেশা ধরে রাখার ব্যাপারে অনাগ্রহ দেখান।
পাকিস্তানের মতো উন্নয়নশীল একটি দেশে মেডিকেল শিক্ষার্থীদের পেছনে প্রচুর অর্থ ভর্তুকি দেয় সরকার। তবুও দেশটিতে চিকিৎসকদের স্বল্পতা। বিশেষ করে দেশটির প্রত্যন্ত অঞ্চলে। যেখানে নারীরা আরেকজন নারীকেই চিকিৎসক হিসেবে পেতে চান। অথচ এমন পরিস্থিতিতে দেশটিতে চিকিৎসক সংকট কমাতে নারী শিক্ষার্থী কম নেওয়ার জন্য প্রস্তাব তুলেছেন এক গবেষক। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের গবেষক শায়েস্তা ফয়সাল বলেন, চিকিৎসক সংকট কমাতে মেডিকেল কলেজগুলোর ভর্তিতে ছেলে ও মেয়ের জন্য ৫০: ৫০ কোটা রাখা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে হইচই।
ওই গবেষকের প্রস্তাবে সহমত জানান ইসলামাবাদের শহীদ জুলফিকার আলী ভুট্টো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাভেদ আকরাম। তাঁর মতে, মেয়েরা পেশা ধরে রাখার চেয়ে বিয়ে করে সংসারী হওয়ার দিকে বেশি মনোযোগী। জাভেদ আকরাম বলেন, ‘আমি এমন অনেক ছাত্রীকে চিনি, যাঁরা ডাক্তার বা ডেন্টিস্ট হয়েছেন কিন্তু তাঁরা কখনোই কোনো রোগীকে ছুঁয়ে দেখেননি।’ তাঁর কথার প্রমাণ মেলে সরকারি দপ্তরের হিসাবেও। সেখানে দেখা যায়, দেশটির নিবন্ধিত নারী চিকিৎসক মাত্র ২৩ শতাংশ!
অনেক চিকিৎসক বলেন, মেডিকেলের ডিগ্রি বিয়ের বাজারে মেয়েদের জন্য ‘হট টিকিট’ হিসেবে পরিণত হয়েছে। ইসলামাবাদের বড়সড় এক ম্যারেজ ব্যুরোতে গিয়ে জানা যায়, ডাক্তার পাত্রীকেই প্রাধান্য দেন ছেলের মায়েরা। আর ডাক্তার মেয়ের চেহারা একটু ভালো হলে তো কথাই নেই। যেকোনো সামাজিক অনুষ্ঠানে ডাক্তার বউকে পরিচয় করিয়ে দিতে শ্বশুরবাড়ির লোকদের উৎসাহও চোখে পড়ার মতো। অথচ এই উৎসাহেই ভাটা পড়ে তাঁদের পেশা ধরে রাখতে সহযোগিতা করার ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে কী করবেন—জানতে চাইলে মেডিকেল ছাত্রীরা বলেন, তাঁদের সংস্কৃতিতে পরিবার সবার আগে প্রাধান্য পায়। তাঁরা অবশ্যই শ্বশুরবাড়ির লোকজনকে প্রথমে বোঝাতে চাইবেন। কিন্তু না মানলে পরিবারের কথাই বেছে নিতে বাধ্য হবেন তাঁরা।
এদিকে মেডিকেলে কোটার প্রস্তাবকে অসাংবিধানিক বলে মন্তব্য করে চিকিৎসা পেশার ক্ষেত্র নারীবান্ধব করার সুপারিশ করেছেন মানবাধিকার আইনজীবী শাহজাদ আকবর। কোটা চালু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও করেছেন তিনি। আর মেডিকেলে ভর্তিতে মেয়েদের সুযোগ কমিয়ে না দিয়ে, তাঁরা যাতে পেশায় প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা পায়, সেদিকে মনোযোগ দিতে বলেছেন কেউ কেউ। বিবিসি।