মোদির আমলে পাক ভারত সম্পর্কের উন্নতি হবে না: সারতাজ
নরেন্দ্র মোদি যত দিন ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তত দিন পাকিস্তান ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। রেডিও পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সারতাজ আজিজ এ কথা বলেন।
সারতাজ আজিজ বলেন, এ অঞ্চলের সার্বিক কল্যাণের জন্যই পাকিস্তান ভারতের সঙ্গে বিরাজমান উত্তেজনার অবসান চায়। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য পাকিস্তান কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাবে। তিনি এ-ও বলেন, কাশ্মীর প্রসঙ্গে মৌলিক নীতির ক্ষেত্রে পাকিস্তান কখনোই আপস করবে না। কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দেশটি রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়াতে থাকবে।
আফগানিস্তান প্রশ্নে সারতাজ আজিজ বলেন, প্রতিবেশী দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা চালিয়ে যাবে। এ সময় তিনি আফগান সরকার ও হিজব-ই-ইসলামির প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ারের মধ্যে সম্পাদিত চুক্তির প্রশংসা করে বলেন, এ ধরনের চুক্তির মডেল নিয়ে কেউ আলোচনা করতে চাইলে পাকিস্তান তাতে স্বাগত জানাবে।