মোদির প্রশংসা এবার ইমরানের কণ্ঠে

ভারত ও পাকিস্তান, উপমহাদেশের এই দুটি দেশ বিভিন্ন ইস্যুতে নানা সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা চলে প্রায় সময়ই। সচরাচর দুই দেশের নেতারা একে অপরকে প্রশ্নবাণে জর্জরিত করেন, চলে বাহাস-সমালোচনা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বিদেশের ব্যাংকে থাকা ভারতের কালো অর্থ ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার কারণে নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ইমরান খান। তিনি নরেন্দ্র মোদিকে বিশ্বস্ত লোক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘তার (মোদি) সম্পর্কে আপনি যাই বলেন না কেন, তিনি একজন বিশ্বস্ত মানুষ।’ দেশের বাইরে পাচার হওয়া পাকিস্তানের অর্থ দেশটির সরকার ফিরিয়ে আনুক, এমন উদ্যোগ চান পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান।
২০১৩ সালে ভোটে কারচুপির জন্য গত আগস্ট থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইমরান খান।
সীমান্তে সংঘর্ষের জন্য দেশে নরেন্দ্র মোদির সমালোচনার মধ্যে পাকিস্তানের একজন রাজনীতিবিদের এমন প্রশংসা একটু বিরল ঘটনাই।
এর আগে মোদির স্বচ্ছ ভারতের প্রশংসা করেছেন কংগ্রেসের নেতা সাবেক মন্ত্রী শশী থারুর।