মোশাররফের উদ্যোগে এমকিউএম এক হওয়ার গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের দুই জ্যেষ্ঠ নেতা অল্প সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গেছেন। তাঁদের এ সফর দুবাইয়ে থাকা সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ কোন্দলের শিকার দলটিকে এক ছাতার তলে আনার চেষ্টা করছেন—এ ভাবনায় ইন্ধন জুগিয়েছে।
পাকিস্তানের পত্রপত্রিকা গত শনিবার জানায়, শুক্রবার এম কিউ এম নেতা খালিদ মকবুল সিদ্দিকী দুবাই যান। খবরে বলা হয়, তিনি সেখানে অবস্থানরত পারভেজ মোশাররফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শনিবার সকালেই দেশে ফেরেন। মকবুল সিদ্দিকীর আগে দুবাই গিয়েছিলেন এমকিউএম নেতা ফারুক সাত্তার। তাঁদের কারও সফরেরই উপযুক্ত কারণ দেখানো হয়নি। এ খবরে দেশে এ নিয়ে জনমনে ব্যাপক গুঞ্জন চলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা পারভেজ মোশাররফের প্রতিনিধিত্ব করেন, তাঁরা ইউএইতে তাঁর কারও সঙ্গে দেখা-সাক্ষাতের বিষয়ে মুখ খোলেননি। এমকিউএমের মুখপাত্র আমিনুল হক বলেন, মকবুল সিদ্দিকী কথিত সাক্ষাতের সময় পাকিস্তানেই ছিলেন এবং মোশাররফের সঙ্গে তাঁর বৈঠকের খবর ভুয়া। তিনি কোনো রাজনীতিকের সঙ্গেই সাক্ষাৎ করেননি। এমকিউএম মুখপাত্র অবশ্য এ-ও বলেন, মকবুল সিদ্দিকী ‘২৪ ঘণ্টার কম সময়ের’ জন্য দুবাইয়ে যান, কিন্তু তাঁর সফর ছিল একান্তই ব্যক্তিগত।
প্রসঙ্গত, মকবুল সিদ্দিকী পার্লামেন্টের নিম্নকক্ষ-ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংসদীয় দলের উপনেতা।