মেয়ে-জামাতাসহ অভিযুক্ত নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রয়টার্সের ফাইল ছবি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রয়টার্সের ফাইল ছবি।

পাকিস্তানের একটি আদালত দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। পানামা পেপার কেলেঙ্কারি–সংক্রান্ত এ মামলায় আজ বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দিয়েছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নওয়াজ শরিফকে অভিযুক্ত করার খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, নওয়াজের পাশাপাশি তাঁর মেয়ে মরিয়ম ও জামাতা (অব.) ক্যাপ্টেন মোহাম্মদ সফদারও অভিযুক্ত হয়েছেন। মূলত লন্ডনে থাকা তাঁদের সম্পদের কারণেই এ অভিযোগ আনা হয়েছে।

নওয়াজ শরিফ বর্তমানে লন্ডনে আছেন। তাঁর স্ত্রী কুলসুম ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। আদালতে নওয়াজের আইনজীবী বলেন, তাঁর মক্কেলরা নির্দোষ। তিনি আরও বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

এদিকে নওয়াজের মেয়ে মরিয়ম এক বিবৃতিতে বলেছেন, ‘অভিযোগগুলো শুধু ভিত্তিহীনই নয়, একই সঙ্গে অসারও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি।’

গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে। এর পরপরই পদত্যাগ করেন তিনি। ওই সময় সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া ছয় সদস্যের তদন্ত কমিটির দুজন ছিলেন সামরিক বাহিনীর সদস্য।

আগামী ২০১৮ সালের শেষে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।