মেয়েকে হত্যায় মায়ের মৃত্যুদণ্ড

লাহোরের মেয়ে জিনাত রফিক। ফ্যাক্টরি এলাকার ১৮ বছরের এই তরুণী হাসান খান নামের এক তরুণকে ভালোবেসেছিলেন। স্বপ্ন দেখেছিলেন তাঁর সঙ্গে ঘর বাঁধবেন। কিন্তু পরিবার এতে কিছুতেই রাজি নয়। তাই গত বছর হাসানের সঙ্গে ঘর থেকে পালিয়ে বিয়ে করে ফেলেন তাঁরা।
হাসান-জিনাত ঘর বাধার কিছুদিনের মধ্যেই জিনাতের পরিবার তাঁকে বাসায় ফিরে যেতে চাপ দেয়। বাসায় ফিরলেই তাঁকে হত্যা করা হতে পারে—এই ভয়ে ফিরতে রাজি ছিলেন না তিনি। কিন্তু সব মেনে নেবে, পরিবারের দেওয়া এই আশ্বাসে বাড়ি ফিরেছিলেন জিনাত। কিন্তু শেষে জিনাতের আশঙ্কাই সত্যি হয়েছে। মা ও ভাইয়ের হাতেই ‘পারিবারিক সম্মান রক্ষায়’ হত্যার শিকার হন জিনাত।
আজ সোমবার ডন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিনাতকে হত্যার ঘটনায় করা মামলার রায়ে জিনাতের মা পারভীন বিবিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন লাহোরের একটি আদালত। হত্যায় সহযোগিতা করায় জিনাতের ভাই আনিসকে যাবজ্জীবন কারাদণ্ড ও তাঁর দুলাভাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।
গত জুনে হাসানের সঙ্গে পালিয়ে বিয়ে করার পর জিনাতকে তাঁর পরিবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাসায় নিয়ে আসে। এরপর তাঁর ভাই আনিস তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে মা পারভীন বিবি জিনাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা ঘরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জিনাতের মরদেহ উদ্ধার করেন। পুলিশের ধারণা ছিল, মায়ের সঙ্গে জিনাতকে হত্যায় তাঁর ভাই ও দুলাভাই জড়িত ছিলেন।
জিনাতের স্বামী হাসান খান বলেন, ‘পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানের কথা বলে গত জুনে জিনাতকে তাঁর পরিবার নিয়ে যায়। তাঁকে হত্যা করার একদিন আগে আমি তাঁকে ফিরে আসতে বলেছিলাম। শুরুতে হত্যার ভয়ে জিনাত ওখানে যেতে চায়নি। পরিবারের প্রতিশ্রুতি পেয়েই সে ফিরে গিয়েছিল।’
আদালতে জিনাতের মা স্বীকার করেছেন, পারিবারিক সম্মান রক্ষার্থেই তিনি মেয়ে জিনাতকে হত্যা করেছেন।