যা চোখে জল আনিয়ে ছাড়ল মালালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল পিস সেন্টারে গত বৃহস্পতিবার নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে নিজের রক্তমাখা স্কুলপোশাক দেখে আবেগাপ্লুত হয় মালালা। এ সময় তাকে সান্ত্বনা দেন শান্তিতে আরেক নোবেলজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। ছবি: এএফপি
নোবেল পিস সেন্টারে গত বৃহস্পতিবার নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে নিজের রক্তমাখা স্কুলপোশাক দেখে আবেগাপ্লুত হয় মালালা। এ সময় তাকে সান্ত্বনা দেন শান্তিতে আরেক নোবেলজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। ছবি: এএফপি

স্কুলের সেই পোশাকটা তেমনই আছে। ওতে কেবল লেপটে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, যা তালেবানের নৃশংস হামলার নীরব সাক্ষী। এই পোশাক দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি মালালা। ঝরঝর করে কেঁদে ফেলে শান্তিতে নোবেল পাওয়া এই মেয়ে। মাত্র গত বুধবারই সে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে পদক।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নোবেল পিস সেন্টারে গত বৃহস্পতিবার নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে প্রদর্শিত হওয়া নিজের রক্তমাখা স্কুলপোশাক দেখে আবেগাপ্লুত হয় মালালা। এ সময় তাকে সান্ত্বনা দেন শান্তিতে যৌথভাবে নোবেল জয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী।
২০১২ সালের অক্টোবরে মালালাকে গুলি করে তালেবান জঙ্গিরা। ওই দিন সে যে স্কুলপোশাক পরে ছিল, সেই পোশাকই নোবেল পিস সেন্টারে প্রদর্শিত হচ্ছে।
প্রদশর্নীতে মালালার নীল রঙের লম্বা জোব্বা, মাথা ঢেকে রাখার জন্য সাদা রঙের কাপড় ও সাদা ট্রাউজার কাচের ভেতরে রাখা হয়েছে। পোশাকে রয়েছে রক্তের দাগ।
এই পোশাক দেখেই কান্নায় ভেঙে পড়ে মালালা। এ সময় পাশে ছিলেন সত্যার্থী। ১৭ বছর বয়সী এই কিশোরীকে সান্ত্বনা দিয়ে তিনি বারবার বলেন, ‘তুমি অনেক সাহসী, তুমি অনেক সাহসী।’
মালালার ইচ্ছায় ওই স্কুলপোশাক নোবেল শান্তি পুরস্কার প্রদশর্নীর অংশ করা হয়েছে। প্রথমবার তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এত দিন ওই পোশাক নিজেদের কাছে রেখেছিল মালালার পরিবার।
গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য মালালাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। এখন সে সেখানেই পড়ালেখা করছে।