যে কারণে ইমরানের ঘর ছেড়েছেন রেহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও রেহাম খান। ছবি: এএফপি
ইমরান খান ও রেহাম খান। ছবি: এএফপি

বিয়েবিচ্ছেদের পর মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। কথা বললেন তাঁদের ১০ মাসের সংসারজীবন নিয়ে। তুললেন কিছু গুরুতর অভিযোগও, যা আসলে তাঁদের বিয়েবিচ্ছেদকে ত্বরান্বিত করেছিল।

সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে রেহামের সেসব কথা পাঠকের কাছে তুলে ধরেছে এনডিটিভি।

সাক্ষাৎকারে রেহাম খান বলেছেন, ‘ইমরানের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা আমাকে বলেছেন, তাঁরা চান আমি রান্নাঘরে যাই। চাপাতি বানাই। আর আমি যেন বাইরে না বের হই।’

বিয়ের মাত্র ১০ মাসের মাথায় গত ৩০ অক্টোবর ইমরান খানের সঙ্গে রেহাম খানের বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তখন ইমরান ৪২ বছর বয়সী পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক রেহামের বিরুদ্ধে অভিযোগ করেন, রেহাম তাঁর (ইমরানের) রাজনৈতিক জীবনে অনধিকার চর্চা করছেন।

৬২ বছর বয়সী ইমরানের সঙ্গে রেহামের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ইমরান খান ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। জেমিমার সঙ্গে নয় বছর ঘর করার পর ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। রেহাম খানের আগের সংসারে তিন সন্তান আছে।

এক সাক্ষাৎকারে রেহামের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রথম সংসারে তিনি পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন কি না। উত্তরে তিনি ‘মিথ্যা বলতে চান না’ বলে ‘হ্যাঁ’ বলেছিলেন বলে দাবি করলেন। সঙ্গে যুক্ত করলেন, একজন রাজনীতিবিদের স্ত্রী হিসেবে তিনি কূটনৈতিকভাবে উত্তর দিয়েছিলেন।

তবে রেহামের এমন কথা গণমাধ্যমে ঝড় তোলে। বিষয়টি ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ওপর বিরূপ প্রভাব ফেলে। হতাশ করে তোলে দলের সদস্যদের। ইমরানের নীরব প্রতিক্রিয়া দেখে রেহাম বিষয়টি বুঝতে পেরেছিলেন বলে দাবি করেন। তাঁর কথা, ‘আমাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। কারণ, ইমরান ভেবেছিলেন, বিষয়টি নিয়ে আর কথা না হলে তা চাপা পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এমনটি হয়নি, বিষয়টি নিয়ে কথার ডালপালা ছড়াতে থাকে।’

রেহামের দাবি, তিনি নানা বিষয়েই ইমরানের সঙ্গে কথা বলতে চেয়েছেন। কিন্তু অপর প্রান্ত থেকে তেমন সাড়া মেলেনি। নিজেকে ‘আলাপপ্রিয়’ ও ‘আড্ডাবাজ’ দাবি করে রেহাম বলেন, ‘ইমরানের সঙ্গে ঘরের পর্দার রং কিংবা বলিউডের ছবি নিয়ে আলোচনা করা যেত না। তাঁর সঙ্গে শুধু রাজনীতি নিয়েই কথা বলতে হতো। তার পরও চেষ্টা করছি।’

রেহাম খান জানালেন, তিনি পাকিস্তানের পথশিশুদের নিয়ে কাজ চালিয়ে যেতে চান। এ নিয়ে দুটি ছবিও বানিয়েছেন। বিচ্ছেদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষকে বিয়ে করেছিলাম, যিনি “ভালোবাসেন জানিয়ে” আমাকে মুগ্ধ করেছিলেন। একাকিত্ব ছিল তাঁর। আমি ভেবেছিলাম, জীবন নিয়ে আমাদের ভাবনা ও লক্ষ্যগুলো একই ধরনের। কিন্তু সেটা ছিল ভুল। আসলে আমাদের মধ্যে ছিল অনেক বেশি ভিন্নতা।’