যৌথ অধিবেশন ডাকছেন নওয়াজ
পাকিস্তানের চলমান সংকট নিয়ে আলোচনা করতে আগামী ২ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আজ রোববার ডন ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই যৌথ অধিবেশনে সংবিধান এবং পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতা সমুন্নত রাখতে একটি প্রস্তাব গ্রহণ করা হতে পারে।
উচ্চপর্যায়ের একটি সূত্র ডনকে জানায়, বৈঠকে পার্লামেন্ট হাউসে বিক্ষোভকারীদের হামলার নিন্দা জানানো হয়। এবং এই হামলাকে সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
এদিকে দেশের এ অস্থিতিশীল পরিস্থিতির অবসানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পিটিআই ও পিএটির নেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।
ওই সূত্র ডনকে আরও জানায়, নওয়াজ শরিফ স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানকে সর্বশক্তি ব্যবহার করে কনস্টিটিউশন অ্যাভিনিউতে থাকা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বৈঠকে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করা হয়েছে।
বৈঠকের পর সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ না করার প্রতিশ্রুতির পরও আক্রমণ করা হয়েছে।