রাজনাথ সিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাবে গত সপ্তাহের সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিরা পাকিস্তান থেকে এসেছিল বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রাজনাথ সিং বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, সন্ত্রাসীদের কাছে পাওয়া জিপিএস যন্ত্রের তথ্য ইঙ্গিত দিচ্ছে তারা পাকিস্তান থেকে এসেছিল। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খলিলুল্লাহ পাঞ্জাবের গুরুদাসপুরে গত সোমবারের হামলা বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অপ্রমাণিত ও অনায্য’ আখ্যা দেন। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য ‘সুস্থতার পরিচায়ক নয়’।
কাজি খলিলুল্লাহ বলেন, ‘পাকিস্তান রাজনাথ সিংয়ের ওই ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। তাঁর ওই উসকানিমূলক মন্তব্যকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি মনে করে পাকিস্তান। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, ভারতে যেকোনো সন্ত্রাসী হামলা হলেই সে জন্য পাকিস্তানকে দায়ী করার অব্যাহত প্রবণতা রয়েছে।’
মুখপাত্র কাজি খলিলুল্লাহ আরও বলেন, তাঁর দেশ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। সন্ত্রাসবাদ ভারত ও পাকিস্তানের অভিন্ন শত্রু। এটিকে মোকাবিলার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন।