রাতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক নারী বিক্ষোভকারী নিহত ও পুলিশের ৪০ সদস্যসহ কমপক্ষে ২৫০ জন আহত হন বলে জানা গেছে। এরপর মধ্যরাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ইসলামাবাদ এবং লাহোর ও করাচি শহরে। খবর ডন ও জিয়ো টিভির।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ১৫ দিন ধরে আন্দোলন করছে ইমরান খানের দল পিটিআই ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পিএটি। দুই সপ্তাহ ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামাবাদের সুরক্ষিত রেড জোনে। এরই মধ্যে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছিল।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে রেড জোন থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন ইমরান ও কাদরি। ইমরান একটি শিপিং কনটেইনারের মধ্যে এবং কাদরি একটি বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন। পুলিশ প্রথমে বাধা না দিলেও একপর্যায়ে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষ বেধে যায়। ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এর মধ্যেই এগোতে থাকে পিটিআই ও পিএটির কর্মী-সমর্থকেরা। রাত দুইটার দিকে তারা পার্লামেন্ট কমপ্লেক্সের মধ্যে ঢুকে পড়ে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে পৌঁছে যায়। তখন প্রধানমন্ত্রীর বাসভবনের মধ্য থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আজ রোববার দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন ইমরান। রাত সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখার সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ও পার্লামেন্ট কমপ্লেক্সের ভেতরে অবস্থান করছিল।