রাহিল শরিফের নতুন দায়িত্ব নিয়ে বিতর্ক
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ সন্ত্রাসবিরোধী মুসলিম জোট বাহিনীর প্রধান নিযুক্ত হওয়ায় সে দেশে নানামুখী সমালোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীখাজা আসিফ গত শুক্রবার টেলিভিশনে রাহিলের এ দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেন। তিনি এ সময় বলেছেন, রাহিল দায়িত্ব পেলেও মূল নেতৃত্ব সৌদি আরবের হাতেই থাকবে।
বিশ্বজুড়ে জঙ্গিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে কিছুদিন আগে ৩৯ দেশের ওই জোট বাহিনী গঠন করা হয়েছে। এতে রাহিলের নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে পাকিস্তান সরকার বা সশস্ত্রবাহিনীর জনসংযোগ বিভাগ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সৌদি আরব বা সাবেক জেনারেল রাহিলও গত শনিবার পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে রাহিল শরিফের ওই নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে গত শনিবার অন্তত সাড়ে নয় হাজার টুইট হয়েছে। পাকিস্তানের রাজনীতিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী অনেকেই সাবেক সেনাপ্রধানের একটি বিদেশি সামরিক জোটের প্রধান হিসেবে যোগ দেওয়া যৌক্তিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।