পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁকে সরকার পরিচালনায় অযোগ্য ঘোষণা করে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। গত মঙ্গলবার আবেদনটি করা হয়। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) ট্রাইব্যুনাল। বিদেশি অর্থায়নের অভিযোগে ইসিপি যে পদক্ষেপ নিতে চলেছে, তা স্থগিতের আবেদন করেছিল দলটি।
পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হন নওয়াজ শরিফ। এর পরপরই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
রায় পুনর্বিবেচনার আবেদনে নওয়াজ শরিফের আইনজীবীরা ১৯টি বিষয় উল্লেখ করে মন্তব্য করেছেন, আদালতের ওই রায়ে ‘ত্রুটি’ রয়েছে।
তবে পাকিস্তানের সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী সাদ রসুল বলেন, রায় পুনর্বিবেচনার এই আবেদনে সফল হওয়ার এবং নওয়াজের প্রধানমন্ত্রীর পদ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, পাকিস্তানের আইন-কানুন অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় ঘোষণাকারী বেঞ্চই পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে রায় পর্যালোচনা করেন।
ডন জানায়, ইসিপি ট্রাইব্যুনাল সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইয়ের আবেদন প্রত্যাখ্যান করে ‘শেষ সুযোগ’ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে দলের পুরো আর্থিক বিবরণী পেশের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার যুক্তিতর্ক শেষে এই আদেশ দেন আদালত।
পিটিআইয়ের আইনজীবী আনোয়ার মনসুর ইসিপির কাছে আবেদন করেছিলেন, একই মামলার শুনানি যেহেতু সুপ্রিম কোর্টেও চলমান, কাজেই ইসিপি যেন এ ব্যাপারে তাঁর পদক্ষেপগুলো না নেন। এর আগে সকালে তিনি আদালতে নিজের মক্কেলের জবাব দাখিল করেন।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে পাঁচ সদস্যের এই ট্রাইব্যুনাল পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি করছেন। আবেদনে ‘নিষিদ্ধ’ উৎস থেকে দলের অর্থ সংগ্রহের অভিযোগ এনে পিটিআই-প্রধান ইমরান খানকেও অযোগ্য ঘোষণার আরজি জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে আনোয়ার মনসুর মক্কেলের পক্ষে জবাবটি দাখিল করেন। কিন্তু বাদীপক্ষের আইনজীবী আহমেদ হাসান যুক্তিতর্কের সময় বলেন, জবাবে দলের আর্থিক বিবরণী নেই। এ সময় মনসুর বলেন, সংশ্লিষ্ট নথি একই মামলায় সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে প্রক্রিয়াধীন মামলাটিতে ইসিপিও একটি পক্ষ।
তবে আনোয়ার মনসুরের উপস্থাপিত যুক্তি ও তাঁর আবেদন প্রত্যাখ্যান করে ইসিপি ট্রাইব্যুনাল পিটিআইয়ের আর্থিক বিবরণী দাখিলে তারিখ ধার্য করেন।