লড়েই যাবেন ইমরান

পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের পতন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন রাজনৈতিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। তবে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও সহযোগী পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আজ সোমবার পাকিস্তানের ‘ডন’ পত্রিকার অনলাইনের খবরে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় পিটিআই ও পিএটির আন্দোলনকারীরা ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও কয়েক শ লোক আহত হয়। কনসার্টের জন্য প্রসিদ্ধ ওই এলাকা এখন রীতিমতো রক্তক্ষয়ী রণক্ষেত্র।
ইমরান খান ও তাহির উল কাদরি সমর্থকদের সংঘাত চালিয়ে যেতে উত্সাহিত করছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এতে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।