লন্ডনে নওয়াজ শরিফের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
ছবি: এএফপি

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা হয়েছে। হামলা করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দলের একজন সমর্থক। পাকিস্তানের একজন সাংবাদিক গতকাল শনিবার এসব তথ্য জানান। হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে দেশটির জাতীয় পরিষদে আজ রোববার ভোটাভুটি হওয়ার কথা। ইমরানের বিরুদ্ধে এই প্রস্তাব তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল–এন)। এর এক দিন আগে নওয়াজের ওপর হামলা হলো।

আহমাদ নুরানি নামে পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে লিখেছেন, ‘পিটিআইয়ের একজন কর্মী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর লন্ডনে হামলা করেছেন। পাকিস্তানে পিটিআইয়ের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। দলটি সব সীমা অতিক্রম করেছে। শারীরিক নির্যাতন কখনো ক্ষমা করা যাবে না।’

হামলায় নওয়াজ শরিফের একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন জানিয়ে আহমাদ নুরানি বলেন, অপরাধীকে গ্রেপ্তারে অবশ্যই সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।