
পাকিস্তানের পুলিশ বলেছে, তারা দেশটির সুন্নি চরমপন্থী দল লস্কর-ই-জাংভির (এলইজে) নেতা মালিক ইসহাককে গুলি করে হত্যা করেছে। পুলিশের ভাষ্য, গত মঙ্গলবার মুজাফফরগড় জেলায় সমর্থকদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের সময় নিহত হন তিনি। খবর বিবিসির।
গত সপ্তাহে ইসহাককে পাঞ্জাব প্রদেশে আটক করা হয়। পুলিশ বলেছে, মঙ্গলবার রাতে তাঁকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সশস্ত্র সমর্থকেরা হামলা করে। এ সময় বন্দুকযুদ্ধ শুরু হলে নিজের দুই ছেলেসহ গুলিবিদ্ধ হয়ে মারা যান ইসহাক। এ সময় আরও ১১ জঙ্গি নিহত হয়।
গত কয়েক বছরে শিয়াদের বিরুদ্ধে ভয়াবহ কয়েকটি হামলা চালানোর অভিযোগ আছে লস্কর-ই-জাংভির বিরুদ্ধে।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা ইসহাকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মুজাফফরগড় জেলা হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ১৪টি মৃতদেহ পেয়েছে। বন্দুকযুদ্ধে ছয় পুলিশও আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে রক্তক্ষয়ী এ ঘটনার সময় ঠিক কীভাবে কী ঘটে, তা পুরোপুরি স্পষ্ট নয়।
সম্প্রতি ঘটে যাওয়া আটটি জাতিগত হত্যার ঘটনায় মালিক ইসহাক, তাঁর দুই ছেলে এবং আরও কয়েকজনকে পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগ কয়েক দিন আগে আটক করে।
পুলিশ বলছে, ‘অস্ত্র ও গোলাবারুদ লুকানো আছে’—আটক ব্যক্তিদের এমন কথার সূত্র ধরে মঙ্গলবার রাতে মুজাফফরগড় শহরের অদূরে শাহওয়ালা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল সবাইকে। পথে ১০ থেকে ১২ জনের একটি দল হামলা করে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গুলি বিনিময়ে আক্রমণকারী সবাই নিহত হয়।
জাতিগত হত্যার ৭০টির বেশি অভিযোগে ইসহাক ১৩ বছরের বেশি সময় ধরে পুলিশের হাতে আটক ছিলেন। ২০১৪ সালে ডিসেম্বরে লাহোর হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পান। জঙ্গি সংগঠন এলইজে পাকিস্তানে নিষিদ্ধ হয় ২০০১ সালে। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে সংগঠনটিকে সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করে।
পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী দপ্তরের (সিটিডি) পক্ষ থেকে বলা হয়েছে, আক্রমণকারীদের কাছে থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুজাফফরগড় জেলা হাসপাতালে ইসহাক এবং তাঁর দুই ছেলের লাশের ময়নাতদন্ত হওয়ার কথা। এরপর তাঁদের লাশ নিজ বাড়ি রাহিম ইয়ার খানে পাঠানো হবে।