লাহোরে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর নগরের কাছে একটি সবজির বাজারে গতকাল সোমবার এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই পুলিশের সদস্য। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বা দায়ও কেউ স্বীকার করেনি।

প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি আত্মঘাতী হামলা হতে পারে। পুলিশ কর্মকর্তা হায়দার আশরাফ বলেন, মনে হচ্ছে, একজন আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল।

নগরের কমিশনার আবদুল্লাহ খান সুমবুল এ বিস্ফোরণ পুলিশকে লক্ষ্য করে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন। লাহোর পুলিশের মুখপাত্র সৈয়দ হামাদ শাহ বলেন, বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুমাইর আহমদ সাইয়েদ ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশের সদস্য।