লাহোরে মিছিলে আত্মঘাতী বোমায় ১৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে একটি বিক্ষোভ মিছিলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল সোমবার লাহোরে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বিচ্ছিন্ন অংশ জামাত-উল-আহরার এ হামলার দায় স্বীকার করেছে।
জানা গেছে, ওষুধ প্রস্তুতকারী ও রসায়নবিদদের একটি বড় দল বিক্ষোভ করছিল। এ সময় ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে নিহত ব্যক্তিদের মধ্যে আছেন লাহোরের ট্রাফিক বিভাগের ডিআইজি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আহমদ মবিন ও পাঞ্জাব পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার গোন্দাল। আহমদ মবিনকে ঘটনার কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে ওই এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করতে দেখা গিয়েছিল। আহমদ মবিন বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নিতে এবং এলাকাটি খালি করতে মধ্যস্থতা করছিলেন।